মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে ইজিজেটের মুনাফা কমেছে ৯৬ শতাংশ
ডেস্ক রিপোর্ট
| Published: Wednesday, November 25, 2026
সংগৃহীত
মধ্যপ্রাচ্যের যুদ্ধের কারণে জ্বালানি খরচ বেড়েছে। একই সঙ্গে কমেছে ভ্রমণের চাহিদা। এতে ব্রিটিশ বাজেট এয়ারলাইন ইজিজেটের বার্ষিক কর-পূর্ব মুনাফা ৯৬ শতাংশ কমেছে।
গত বুধবার প্রকাশিত আর্থিক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে এয়ারলাইনটি।
৩০ সেপ্টেম্বর শেষ হওয়া অর্থবছরে ইজিজেটের কর-পূর্ব মুনাফা কমে ২ কোটি ৪০ লাখ পাউন্ডে দাঁড়িয়েছে। আগের অর্থবছরে এ মুনাফা ছিল ৬৫ কোটি ৮০ লাখ পাউন্ড।
অধিগ্রহণ-সংক্রান্ত ব্যয় বাদ দিলে কর-পূর্ব মুনাফা কমেছে ৮৯ শতাংশ। এ হিসাবে মুনাফা ৬৬ কোটি ৫০ লাখ পাউন্ড থেকে কমে ৭ কোটি ১০ লাখ পাউন্ড হয়েছে।
এ সময়ে এয়ারলাইনটির জ্বালানি খরচ ১১ শতাংশ বেড়ে ২৫০ কোটি পাউন্ডে পৌঁছেছে। ইজিজেটের প্রধান নির্বাহী কেন্টন জার্ভিস বলেন, মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে ভ্রমণের চাহিদা ও জ্বালানির দামে পরিবর্তন এসেছে। এতে এয়ারলাইনটির আর্থিক কার্যক্রম ক্ষতিগ্রস্ত হয়েছে।
এর আগে গত জুলাইয়ে ইজিজেট জানিয়েছিল, জুনে শেষ হওয়া তিন মাসে তাদের কর-পূর্ব মুনাফা ২৮ কোটি ৬০ লাখ পাউন্ড থেকে কমে ৮ কোটি ৫০ লাখ পাউন্ড হয়েছে। এ সময়ে আগের বছরের একই প্রান্তিকের তুলনায় জ্বালানি খরচ বেড়েছে ১০ কোটি ৫০ লাখ পাউন্ড।
অধিগ্রহণ চুক্তি সম্পন্নের আশা আগামী মার্চে
ইজিজেট অধিগ্রহণে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ প্রতিষ্ঠান অ্যাপোলো গ্লোবাল ম্যানেজমেন্টের প্রস্তাবে গত ১১ নভেম্বর অনুমোদন দিয়েছেন এয়ারলাইনটির শেয়ারহোল্ডাররা।
চুক্তি অনুযায়ী, অ্যাপোলো প্রতিটি শেয়ারের বিপরীতে ৭ দশমিক ১৫ পাউন্ড নগদ অর্থ দেবে। এতে ইজিজেটের মোট মূল্য দাঁড়িয়েছে প্রায় ৫৭০ কোটি পাউন্ড।
ইজিজেট আশা করছে, ২০২৭ সালের প্রথম প্রান্তিকের শেষ নাগাদ অধিগ্রহণের চুক্তি সম্পন্ন হবে। তবে এ জন্য আদালতের অনুমোদনসহ অন্যান্য শর্ত পূরণ করতে হবে।
অধিগ্রহণ প্রক্রিয়া চলমান থাকায় ২০২৭ অর্থবছরের আর্থিক পূর্বাভাস প্রকাশ করবে না বলে জানিয়েছে ইজিজেট।