ঢাকা বিমানবন্দরে ভিক্ষুকদের ডলার দাবিতে ক্ষুদ্ধ যাত্রীরা
ডেস্ক রিপোর্ট
| Published: Friday, April 03, 2026
ছবি: সংগৃহীত
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের (ঢাকা বিমানবন্দর) একাধিক গেইটে ভিক্ষুকরা যাত্রীদের থেকে বিদেশি মুদ্রা, বিশেষ করে মার্কিন ডলার, দাবি করছে। নিরাপত্তা ঝুঁকি সৃষ্টির পাশাপাশি বাংলাদেশের আন্তর্জাতিক সুনামও ক্ষুণ্ন হচ্ছে ভেবে ক্ষুদ্ধ যাত্রীরা।
প্রতিদিন বিভিন্ন ভিক্ষুকদের দল বিমানবন্দরের আগমন ও প্রস্থান টার্মিনাল এলাকায় ঘুরে বেড়ায়। ক্লান্ত যাত্রীদের ঘিরে রাখে এবং টাকার পরিবর্তে ডলার ও অন্যান্য বিদেশি মুদ্রা দাবি করে। প্রবাসী ও বিদেশি দর্শনার্থীরা বাংলাদেশে পা রাখার সঙ্গে সঙ্গে এই হয়রানির মুখোমুখি হন।
গণমাধ্যমে একজন ভিক্ষুককে বলতে শোনা যায়, “সাহায্য করেন। ডলার দেন। টাকা চলবে না। ডলার লাগবে।” আরেক ভিক্ষুককে বলতে শোনা যায়, “ডলার দিতে হবে।”
বিমানের টার্মিনাল গেইটে এমন অবাধ ভিক্ষা করা দেখতে পেয়ে অনেক যাত্রীই ক্ষুদ্ধ হন। এই ঘটনার ফলে যাত্রীদের মনে নিরাপত্তা ও দেশের আন্তর্জাতিক সুনাম নিয়ে প্রশ্ন উঠেছে।
এক যাত্রী গণমাধ্যমে বলেন, “বিমানবন্দরে ভিক্ষা দেশের ভাবমূর্তিকে ক্ষুণ্ন করছে। এসব দেখে বিদেশি দর্শনার্থীদের মনে নেতিবাচক ধারণা তৈরি হচ্ছে। এই ধরনের কর্মকাণ্ড বন্ধ করা উচিত।”
সাংবাদিকরা যখন ভিক্ষাবৃত্তি রেকর্ড করার চেষ্টা করেন তখন একজন নারী ভিক্ষুক সরাসরি ভিডিও ধারণে বাধা দেন। তিনি বাইরে থাকা টোকাই ছেলেদের দিয়ে মারানোর হুমকিও দেন। “বুঝছেন না ভাই? দ্যাখবেন”, তিনি বলেন।
বিমানবন্দর প্রাঙ্গণে এমন উন্মুক্ত ভিক্ষাবৃত্তি দেখা গেলেও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বা নিরাপত্তা কর্মীদের কোনো কার্যকর পদক্ষেপ নিতে দেখা যায়নি। অনেক ক্ষেত্রে কর্মকর্তারা পরিস্থিতি ইচ্ছাকৃতভাবে উপেক্ষা করছেন বলে মনে হয়।
একজন আনসার সদস্য দাবি করেন, ভিক্ষুকদের দেখলে তাড়িয়ে দেওয়া হয়। “এখানে নিয়ম আছে, ভিক্ষা করা যাবে না। আমি তাদের দেখলে তাড়িয়ে দিই। চোখের সামনে ভিক্ষা করতে দেখলেই আমি তাড়িয়ে বাইরে পাঠিয়ে দিই,” তিনি বলেন।
নিরাপত্তা ও দেশের ভাবমূর্তি রক্ষার জন্য এই গুরুত্বপূর্ণ স্থানে ভিক্ষা বন্ধ করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে বলে আশা করছেন যাত্রীরা।
এ বিষয়ে জানার জন্য বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এস এম রাগীব সামাদকে একাধিকবার কল করা হলেও তিনি সাড়া দেননি।