Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

এভিয়েশন নিরাপত্তা জোরদারে সমঝোতা স্মারকে বেবিচক–ফায়ার সার্ভিসের সই

ডেস্ক রিপোর্ট | Published: Thursday, March 12, 2026
এভিয়েশন নিরাপত্তা জোরদারে সমঝোতা স্মারকে বেবিচক–ফায়ার সার্ভিসের সই

ছবি: সংগৃহীত

দেশের বিমানবন্দরগুলোতে অনুসন্ধান, উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম আরও জোরদার করতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর সমঝোতা স্মারকে সই করেছে।


বৃহস্পতিবার সকালে কুর্মিটোলায় বেবিচক সদর দপ্তরে এই চুক্তি সই করা হয়।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোহাম্মদ মোস্তফা মাহমুদ সিদ্দিক এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ জাহিদ কামাল।


নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে বেবিচকের পরিচালক (এটিএম) মোহাম্মদ শামসুল হক এবং ফায়ার সার্ভিসের উপপরিচালক (অপারেশন ও মেইনটেন্যান্স) মোহাম্মদ মামুনুর রশিদ চুক্তিতে সই করেন।


এই সমঝোতার মূল লক্ষ্য হলো আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) নিয়ম মেনে বিমানবন্দর ও আশপাশের এলাকায় জরুরি পরিস্থিতিতে দ্রুত অনুসন্ধান, উদ্ধার ও অগ্নিনির্বাপণ কার্যক্রম পরিচালনা করা।


চুক্তি অনুযায়ী জরুরি পরিস্থিতিতে দুই সংস্থা দ্রুত সহায়তা দেবে, যৌথ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করবে, তথ্য আদান-প্রদান করবে এবং প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান করবে।


সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এই চুক্তির কারণে বাংলাদেশের বিমান নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী হবে এবং ভবিষ্যতে আন্তর্জাতিক নিরীক্ষায়ও ইতিবাচক প্রভাব পড়বে।


তারা বলেন, বেসামরিক বিমান খাতে নিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন সংস্থার সমন্বিত সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।


এই সমঝোতার আওতায় সম্ভাব্য দুর্ঘটনা মোকাবিলা, উদ্ধার তৎপরতা পরিচালনা এবং বিমানবন্দর এলাকায় অগ্নিনির্বাপণ সক্ষমতা বাড়াতে দুই সংস্থা একসঙ্গে কাজ করবে।


বেবিচক সদর দপ্তরের ষষ্ঠ তলার চেয়ারম্যানের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়, ফায়ার সার্ভিসের কর্মকর্তা এবং ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।


এই চুক্তিকে দেশের বিমানবন্দরগুলোতে জরুরি সাড়া দেওয়ার সক্ষমতা বাড়াতে দুই গুরুত্বপূর্ণ সংস্থার মধ্যে সহযোগিতার এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News