তৃতীয় টার্মিনাল চালু নিয়ে জাপানের সঙ্গে বসছে দুই মন্ত্রণালয়
সিনিয়র প্রতিবেদক
| Published: Thursday, March 12, 2026
ছবি: সংগৃহীত
দীর্ঘদিন ধরে আটকে থাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল চালু করতে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে আবারও আলোচনা শুরু করছে সরকার।
এ লক্ষ্যে আগামীকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব সূত্র বিষয়টি নিশ্চিত করেছে।
বৈঠকে জাপান কনসোর্টিয়ামের সঙ্গে বাংলাদেশের পক্ষে অংশ নেবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা, প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) প্রতিনিধিরা উপস্থিত থাকবেন।
সূত্র জানায়, নতুন বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর এটাই হবে এ বিষয়ে প্রথম আনুষ্ঠানিক আলোচনা। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা চুক্তিগত ও পরিচালনাগত জটিলতা নিরসনের মাধ্যমে টার্মিনালটি দ্রুত চালুর পথ খুঁজতেই এই উদ্যোগ নেওয়া হচ্ছে।
সূত্র আরও জানায়, মূলত টার্মিনাল ব্যবস্থাপনা, পরিচালন নিয়ন্ত্রণ এবং আয়ের অংশীদারিত্ব নিয়ে জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে চূড়ান্ত সমঝোতায় পৌঁছানো না যাওয়ায় আগের অন্তর্বর্তী সরকারের সময় প্রকল্পটি চালু করা সম্ভব হয়নি। আগামীকালের আলোচনার ফলাফল শনিবার প্রধানমন্ত্রীর কাছে উপস্থাপন করা হবে, সেখান থেকেই পরবর্তী নীতিগত সিদ্ধান্ত আসবে।