Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ফের চালু হলো মালদিভিয়ান এয়ারলাইন্স, বিমানবন্দরে ঐতিহ্যবাহী ওয়াটার ক্যানন স্যালুট

ডেস্ক রিপোর্ট | Published: Thursday, March 12, 2026
ফের চালু হলো মালদিভিয়ান এয়ারলাইন্স, বিমানবন্দরে ঐতিহ্যবাহী ওয়াটার ক্যানন স্যালুট

ছবি: সংগৃহীত

পুনরায় মালে–ঢাকা–মালে রুটে ফ্লাইট চালু করেছে মালদ্বীপের জাতীয় এয়ারলাইন মালদিভিয়ান।


এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে (ঢাকা বিমানবন্দর) ওয়াটার ক্যানন স্যালুট দিয়ে এয়ারবাস ৩২০ মডেলের উড়োজাহাজকে স্বাগত জানানো হয়।


ঈদের আগের ব্যস্ত ভ্রমণ মৌসুমে এই ফ্লাইট চালু হওয়ায় দুই দক্ষিণ এশীয় দেশের মধ্যে সরাসরি আকাশ সংযোগ আবারও শুরু হলো।


যাত্রীপূর্ণ উদ্বোধনী ফ্লাইটটি ভোর ৫টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে সকাল ৬টা ২০ মিনিটে ফ্লাইটটি আবারও মালদ্বীপের উদ্দেশ্যে ঢাকা ছেড়ে যায়।


ঢাকায় পৌঁছানো যাত্রীদের স্বাগত জানান এয়ারলাইনের স্থানীয় জেনারেল সেলস এজেন্ট (জিএসএ) গ্যালাক্সি এভিয়েশন সার্ভিসের কর্মকর্তারা।


প্রাথমিকভাবে সপ্তাহে দুই দিন, রবিবার ও বৃহস্পতিবার, এই রুটে ফ্লাইট পরিচালনা করা হবে। এই রুটে ফ্লাইট টিকিটের দাম শুরু হচ্ছে ৩৯৯ মার্কিন ডলার (প্রায় ৪৯ হাজার  টাকা) থেকে।


এই ফ্লাইটে যাত্রীরা ৩০ কেজি ব্যাগেজ বহনের সুবিধা পাবেন। বিনামূল্যে খাবার পরিবেশন করা হবে। মালদিভিয়ানের ওয়েবসাইট, মোবাইল অ্যাপ এবং কল সেন্টার (১৬৭১) থেকে টিকিট কেনা যাবে।


২৩ ফেব্রুয়ারি মালদিভিয়ানের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ইব্রাহিম ইয়াসির এবং গ্যালাক্সি বাংলাদেশ গ্রুপের প্রেসিডেন্ট ও সিইও আহমেদ ইউসুফ ওয়ালিদের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরের পর এই ফ্লাইট চালু করা হয়েছিল।


ফ্লাইট উদ্বোধন অনুষ্ঠানে বাংলাদেশে মালদ্বীপের রাষ্ট্রদূত শিউনিন রশিদ, মালদিভিয়ানের গ্রাউন্ড অপারেশনস পরিচালক আহমেদ ইব্রাহিম এবং আন্তর্জাতিক বাণিজ্য বিভাগের জেনারেল ম্যানেজার মোহাম্মদ সাফাহ উপস্থিত ছিলেন।


অনুষ্ঠানে রাষ্ট্রদূত রশিদ বলেন, এই ফ্লাইট চালু হওয়ার ফলে বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক এবং মানুষের মধ্যে যোগাযোগ আরও বাড়বে।


রমজান ও ঈদুল ফিতরের ভ্রমণ মৌসুমের সময় এই ফ্লাইট চালু হওয়ায় দেশে ফেরা প্রবাসী বাংলাদেশি এবং বিদেশে ভ্রমণকারী মালদ্বীপের যাত্রীদের যাতায়াত সহজ হবে বলে তিনি জানান।


বর্তমানে মালদিভিয়ানের বহরে ২৬টি উড়োজাহাজ রয়েছে। এর মধ্যে এয়ারবাস ৩৩০, এয়ারবাস ৩২০, এটিআর, ড্যাশ–৮ টার্বোপ্রপ এবং টুইন অটার উড়োজাহাজ রয়েছে, যেগুলো দিয়ে এয়ারলাইন্সটি দেশীয় ও আন্তর্জাতিক বিভিন্ন গন্তব্যে ফ্লাইট পরিচালনা করছে।


উল্লেখ্য, ২০২৪ সালের ৬ আগস্ট মালদিভিয়ান তাদের অফিসিয়াল এক্স (সাবেক টুইটার) পেইজ ‘মালদিভিয়ানঅ্যারো’-তে করা এক পোস্টে জানায়, বাংলাদেশের ‘উদীয়মান পরিস্থিতির’ (রাজনৈতিক অস্থিরতা) কারণে মালে-ঢাকা-মালে ফ্লাইটগুলো বাতিল করা হয়।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News