Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন

লিবিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন

ছবি: মন্ত্রণালয়

লিবিয়াস্থ (ত্রিপলী) বাংলাদেশ দূতাবাসে আনুষ্ঠানিকভাবে ই-পাসপোর্ট সেবা উদ্বোধন করা হয়েছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে শুক্রবার এ তথ্য জানানো হয়।


বিজ্ঞপ্তিতে বলা হয়, লিবিয়ায় বাংলাদেশ দূতাবাস আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স কাজী আসিফ আহমেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মো. জসিম উদ্দিন এবং ই-পাসপোর্ট ও স্বয়ংক্রিয় বর্ডার নিয়ন্ত্রণ ব্যবস্থাপনা প্রকল্পের উপ-প্রকল্প পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন। এছাড়াও অনুষ্ঠানে দূতাবাসের কর্মকর্তাবৃন্দ এবং ত্রিপলীস্থ বাংলাদেশ কমিউনিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


দূতাবাসের কাউন্সেলর (শ্রম) মো. আমিনুর রহমানের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে শুরু হয়।


অনুষ্ঠানে বিশেষ অতিথি লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন ই-পাসপোর্ট প্রকল্পের ওপর সংক্ষিপ্ত বক্তব্য দেন এবং এতে ব্যবহৃত আধুনিক প্রযুক্তি ও এর বিভিন্ন সুবিধা তুলে ধরেন। পরে বিশেষ অতিথি মো. জসিম উদ্দিন (যুগ্ম সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়) ই-পাসপোর্টের মাধ্যমে প্রবাসীদের নিরাপদ ও উন্নত সেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেন।


প্রধান অতিথির বক্তব্যে চার্জ দ্য অ্যাফেয়ার্স কাজী আসিফ আহমেদ বলেন, লিবিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের জন্য ই-পাসপোর্ট সেবা চালু হওয়া একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তিনি বলেন, দীর্ঘদিন ধরে প্রবাসীরা ই-পাসপোর্ট নবায়ন ও নতুন পাসপোর্ট পাওয়ার জন্য দীর্ঘ প্রতীক্ষায় ছিলেন, আজ থেকে সেই অধ্যায়ের অবসান হলো।


এখন থেকে দূতাবাসেই ই-পাসপোর্টের আবেদন, তথ্য সংগ্রহ ও বিতরণ সম্পন্ন হবে, যা প্রবাসীদের জীবনযাত্রাকে আরও সহজ ও নিরাপদ করবে। তিনি আরও বলেন, আজকের এই উদ্বোধনী অনুষ্ঠান প্রমাণ করে যে বাংলাদেশ দূরে হলেও রাষ্ট্রীয় সেবা কখনোই প্রবাসীদের থেকে দূরে থাকে না।


অনুষ্ঠানে উপস্থিত প্রবাসী বাংলাদেশিরা দীর্ঘদিন পর লিবিয়ায় ই-পাসপোর্ট সেবা চালু হওয়ায় সন্তোষ প্রকাশ করেন। তারা বলেন, এই সেবার মাধ্যমে তাদের ভোগান্তি কমবে এবং আইনগত সুরক্ষা আরও জোরদার হবে। সরকারের এ উদ্যোগকে তারা আন্তরিকভাবে স্বাগত জানান।


৭১তম মিশন হিসেবে ই-পাসপোর্ট সেবা উদ্বোধনের মাধ্যমে লিবিয়া ও দূতাবাসের আওতাভুক্ত দেশগুলোতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এখন থেকে আরও উন্নত, দ্রুত ও নিরাপদ কনস্যুলার সেবা গ্রহণের সুযোগ পাবেন।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News