মাদ্রিদে রিয়াদ এয়ারের প্রথম ফ্লাইট, এয়ার ইউরোপার সঙ্গে সমঝোতা
ডেস্ক রিপোর্ট
| Published: Sunday, July 19, 2026
ছবি: রিয়াদ এয়ার
সৌদি আরবের নতুন জাতীয় এয়ারলাইন রিয়াদ এয়ারের প্রথম ফ্লাইট গত ১৭ জুলাই মাদ্রিদে অবতরণ করেছে। এর মধ্য দিয়ে সৌদি আরবের রাজধানী রিয়াদ ও স্পেনের রাজধানী মাদ্রিদের মধ্যে প্রথমবারের মতো নিয়মিত সরাসরি বিমান যোগাযোগ চালু হলো বলে এক বিবৃতিতে জানিয়েছে এয়ারলাইনটি।
বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজে পরিচালিত আরএক্স০৫৩১ ফ্লাইটটি মাদ্রিদের আদোলফো সুয়ারেজ বারাখাস আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। এর আগে ১৪ জুলাই রিয়াদ এয়ার স্পেনের মালাগা রুটে মৌসুমি ফ্লাইট চালু করে, যা আগামী ৮ সেপ্টেম্বর পর্যন্ত পরিচালিত হবে।
মাদ্রিদে প্রথম ফ্লাইট অবতরণের দিনই স্প্যানিশ এয়ারলাইন এয়ার ইউরোপার সঙ্গে একটি সমঝোতা স্মারক (এমওইউ) সই করেছে রিয়াদ এয়ার।
নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন সাপেক্ষে, এই অংশীদারত্বের মাধ্যমে দক্ষিণ ইউরোপ ও লাতিন আমেরিকাজুড়ে দুই এয়ারলাইনের নেটওয়ার্ক সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে। এর আওতায় ইন্টারলাইন সংযোগ, সম্ভাব্য কোডশেয়ার চুক্তি, লয়্যালটি প্রোগ্রামে পারস্পরিক সুবিধা, কার্গো সহযোগিতা এবং ডিজিটাল সেবায় যৌথ উদ্যোগ নেওয়ার কথা রয়েছে। মাদ্রিদ-বারাখাস বিমানবন্দরকে এ সহযোগিতার প্রধান ট্রানজিট হাব হিসেবে ব্যবহার করা হবে।
মাদ্রিদ বিমানবন্দরে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রিয়াদ এয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা টনি ডগলাস এবং জনপ্রিয় স্প্যানিশ ফুটবল ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদের প্রধান নির্বাহী কর্মকর্তা মিগেল অ্যাঞ্জেল গিল মারিন।
অনুষ্ঠানে টনি ডগলাস বলেন, মাদ্রিদ রুটের উদ্বোধন, মালাগা সেবা চালু এবং এয়ার ইউরোপার সঙ্গে নতুন অংশীদারত্ব—সব মিলিয়ে বিশ্বের সঙ্গে রিয়াদকে আরও কার্যকরভাবে সংযুক্ত করার লক্ষ্যে এটি একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।
রিয়াদ এয়ার জানিয়েছে, বর্তমানে প্রায় ২৫০টি স্প্যানিশ প্রতিষ্ঠান সৌদি আরবে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে। সৌদি আরবের জাতীয় পর্যটন ও বেসামরিক বিমান পরিবহন কৌশলের অংশ হিসেবে দেশটির এয়ার কানেক্টিভিটি প্রোগ্রাম (ACP)-এর সহযোগিতায় নতুন এই রুট চালু করা হয়েছে।
এছাড়া রিয়াদ এয়ার অ্যাথলেটিকো মাদ্রিদের পুরুষ ও নারী দলের প্রধান স্পনসর। ক্লাবটির স্টেডিয়ামের নামকরণ স্বত্বও এয়ারলাইনটির কাছে রয়েছে, যা বর্তমানে রিয়াদ এয়ার মেট্রোপলিতানো নামে পরিচিত।
সূত্র: প্রেস রিলিজ