চীনের তৈরি ২০টি সি৯০৯ জেট কিনছে এয়ার কম্বোডিয়া
ডেস্ক রিপোর্ট
| Published: Monday, July 20, 2026
ছবি: সংগৃহীত
কম্বোডিয়ার জাতীয় পতাকাবাহী এয়ারলাইন্স এয়ার কম্বোডিয়া চীনের কমার্শিয়াল এয়ারক্রাফট করপোরেশন অব চায়না (কোম্যাক)-এর কাছ থেকে ২০টি সি৯০৯ আঞ্চলিক জেট উড়োজাহাজ কেনার চুক্তি করেছে।
কোম্যাক জানিয়েছে, শাংহাইয়ে সই হওয়া এই চুক্তির মাধ্যমে এয়ার কম্বোডিয়াই প্রথম বিদেশি পতাকাবাহী এয়ারলাইন্স, যারা একসঙ্গে বড় সংখ্যায় চীনে তৈরি সি৯০৯ উড়োজাহাজের অর্ডার দিল।
প্রথম চালানের উড়োজাহাজ ২০২৬ সালের দ্বিতীয়ার্ধে সরবরাহ করা হবে এবং সেগুলো এয়ার কম্বোডিয়ার বাণিজ্যিক ফ্লাইট পরিচালনায় যুক্ত হবে।
খাতসংশ্লিষ্টরা বলছেন, নতুন এই উড়োজাহাজগুলো এয়ার কম্বোডিয়াকে তাদের রুট নেটওয়ার্ক সম্প্রসারণ, যাত্রী পরিবহন সক্ষমতা বাড়ানো এবং কম্বোডিয়ার সঙ্গে আঞ্চলিক বাজারগুলোর যোগাযোগ জোরদার করতে সহায়তা করবে।
এর পাশাপাশি কোম্যাক এবং কম্বোডিয়ার স্টেট সেক্রেটারিয়েট অব সিভিল অ্যাভিয়েশনের মধ্যে বিমান চলাচল নিরাপত্তা, উড়োজাহাজের এয়ারওয়ার্দিনেস সার্টিফিকেশন এবং জনবল প্রশিক্ষণ খাতে সহযোগিতা বাড়াতে একটি সমঝোতা স্মারক সই হয়েছে।
আগে এআরজে২১ নামে পরিচিত সি৯০৯ উড়োজাহাজে ৭৮ থেকে ৯৭ জন যাত্রী বহন করা যায় এবং এর উড্ডয়ন সীমা ২ হাজার ২২৫ থেকে ৩ হাজার ৭০০ কিলোমিটার। ছোট ও সরু রানওয়ে থাকা বিমানবন্দরে চলাচলের উপযোগী করে তৈরি এই উড়োজাহাজ অতিরিক্ত গরম আবহাওয়া, উঁচু ভূমি ও ক্রসউইন্ড-এর মধ্যেও ভালো পারফর্ম করে।
২০২৩ সালের এপ্রিলে ইন্দোনেশিয়ায় বাণিজ্যিক যাত্রা শুরুর পর থেকে সি৯০৯ ক্রমেই বিদেশের বাজারে সম্প্রসারিত হচ্ছে। বর্তমানে লাওস ও ভিয়েতনামসহ বিভিন্ন দেশে এই উড়োজাহাজ চলাচল করছে এবং বিদেশের ২৮টি শহরে সেবা দিয়ে এ পর্যন্ত ১০ লাখের বেশি যাত্রী পরিবহন করেছে।
চীনের অভ্যন্তরীণ আঞ্চলিক জেট উড়োজাহাজ বহরের প্রায় ৭০ শতাংশই এই সি৯০৯ মডেলের। বর্তমানে বিশ্বে সবচেয়ে বেশি আকাশপথে ভ্রমণকারী মানুষের দেশ চীন।
চীনের সিভিল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তথ্য অনুযায়ী, গত দুই বছরে দেশটিতে প্রতিবছর গড়ে প্রায় ৪ কোটি নতুন আকাশপথ যাত্রী যুক্ত হয়েছে, ফলে মোট আকাশযাত্রী সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ কোটিতে, যা ২০১৯ সালের তুলনায় ১৬ কোটি বেশি।
সূত্র: সিনহুয়া