মার্কিন অভিযানের জেরে ক্যারিবীয় আকাশে অচলাবস্থা, বাতিল শতাদিক ফ্লাইট
ডেস্ক রিপোর্ট
| Published: Sunday, January 04, 2026
ছবি: সংগৃহীত
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে দেশটির বাইরে নিয়ে যাওয়ার লক্ষ্যে চালানো মার্কিন সামরিক অভিযান শনিবার ভোরে ক্যারিবীয় অঞ্চলের ব্যস্ত ভ্রমণ মৌসুমে ব্যাপক বিমান চলাচলে বিঘ্ন সৃষ্টি করেছে। Flight Radar 24-এর তথ্য অনুযায়ী, ওই দিন কোনো বাণিজ্যিক বিমান ভেনেজুয়েলার আকাশসীমা অতিক্রম করেনি।
যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (FAA) সাময়িক নিষেধাজ্ঞা জারির পর পূর্ব ক্যারিবীয় অঞ্চলে শত শত ফ্লাইট বাতিল করে বড় বড় বিমান সংস্থা। একই সঙ্গে যাত্রীদের সতর্ক করা হয় যে এই বিঘ্ন কয়েক দিন স্থায়ী হতে পারে।
পুয়ের্তো রিকো, ইউএস ও ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডস, আরুবা এবং ভেনেজুয়েলার উত্তরে অবস্থিত লেসার অ্যান্টিলিস দ্বীপপুঞ্জের এক ডজনেরও বেশি গন্তব্যে যাতায়াতকারী ফ্লাইট বাতিল করা হয়। ফ্লাইট পুনঃনির্ধারণে যাত্রীদের জন্য পরিবর্তন ফি মওকুফ করে বিমান সংস্থাগুলো।
তবে যুক্তরাষ্ট্রের পরিবহনমন্ত্রী শন ডাফি শনিবার রাতে জানান, মধ্যরাত (ইএসটি) থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হবে এবং রোববার থেকে বিমান চলাচল স্বাভাবিক হবে। সাউথওয়েস্ট এয়ারলাইন্স জানায়, আটকে পড়া যাত্রীদের ফেরাতে রোববার পুয়ের্তো রিকোর জন্য ছয়টি অতিরিক্ত রাউন্ড-ট্রিপ ফ্লাইট এবং সোমবার আরও আটটি ফ্লাইট যোগ করা হয়েছে। পাশাপাশি রোববার আরুবাগামী দুটি অতিরিক্ত ফ্লাইট যুক্ত করা হয়েছে।
পুয়ের্তো রিকোর সান হুয়ানে অবস্থিত লুইস মুয়োনিওস মারিন আন্তর্জাতিক বিমানবন্দর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে জানায়, ভেনেজুয়েলায় ‘সামরিক তৎপরতার সঙ্গে সংশ্লিষ্ট নিরাপত্তা পরিস্থিতি’র কারণে এই নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। FlightAware-এর তথ্য অনুযায়ী, শনিবার ওই বিমানবন্দরের প্রায় ৬০ শতাংশ ফ্লাইট বাতিল হয়।
বিবৃতিতে বলা হয়, এই নিষেধাজ্ঞা বিদেশি বিমান সংস্থা ও সামরিক বিমানের ক্ষেত্রে প্রযোজ্য নয়। কানাডার এয়ার কানাডা জানায়, তাদের ক্যারিবীয় ফ্লাইট স্বাভাবিকভাবে পরিচালিত হয়েছে, তবে যাত্রীদের পুনরায় বুকিংয়ের সুযোগ দেওয়া হয়। আরেক কানাডীয় সংস্থা ওয়েস্টজেট ‘সতর্কতামূলক ব্যবস্থা’ হিসেবে আরুবাগামী ফ্লাইট বাতিল করে।
নিষেধাজ্ঞার কারণে শনিবার পূর্ব ক্যারিবীয় অঞ্চলে সব প্রধান মার্কিন বিমান সংস্থা ফ্লাইট বাতিল ও সময়সূচি সমন্বয় করে। এতে অ্যাঙ্গুইলা, অ্যান্টিগুয়া, কুরাসাও, সেন্ট লুসিয়া এবং ইউএস ও ব্রিটিশ ভার্জিন আইল্যান্ডসসহ প্রায় দুই ডজন দ্বীপ গন্তব্য ক্ষতিগ্রস্ত হয়। তবে ডোমিনিকান রিপাবলিক ও জ্যামাইকার মতো পশ্চিমাঞ্চলীয় গন্তব্যগুলো তুলনামূলকভাবে প্রভাবমুক্ত ছিল।
নিউইয়র্কভিত্তিক জেটব্লু জানায়, সামরিক তৎপরতার কারণে ক্যারিবীয় আকাশসীমা বন্ধ হওয়ায় তারা প্রায় ২১৫টি ফ্লাইট বাতিল করেছে। ডাচ বিমান সংস্থা কেএলএমও হাজার হাজার যাত্রীকে প্রভাবিত করে এমন ফ্লাইট বাতিলের কথা জানালেও রোববার থেকে কুরাসাও, আরুবা, বোনাইরসহ বিভিন্ন দ্বীপে পুনরায় ফ্লাইট চালুর পরিকল্পনা করেছে।
এই ফ্লাইট বিঘ্নের প্রভাব ক্যারিবীয় ক্রুজ ভ্রমণকারীদের ওপরও পড়ে। ক্রুজ অপারেটর ভার্জিন ভয়েজেস জানায়, যেসব যাত্রী সময়মতো সান হুয়ানে পৌঁছাতে না পারায় নির্ধারিত ক্রুজে যোগ দিতে পারেননি, তাদের ভবিষ্যৎ ভ্রমণের জন্য পূর্ণ ক্রেডিট দেওয়া হবে। সূত্র: AP