Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ম্যানচেস্টার রুট সাময়িক স্থগিত প্রসঙ্গে ব্যাখ্যা দিলো বিমান

ম্যানচেস্টার রুট সাময়িক স্থগিত প্রসঙ্গে ব্যাখ্যা দিলো বিমান

ফাইল ছবি: এভিয়েশন এক্সপ্রেস

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকা/সিলেট–ম্যানচেস্টার রুটে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্তকে বহর ও অপারেশনাল বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলে ব্যাখ্যা দিয়েছে।


সাম্প্রতিক সময়ে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ম্যানচেস্টার রুট বন্ধ নিয়ে বিভিন্ন আলোচনা ছড়িয়ে পড়ার পর, বিমান কর্তৃপক্ষ আজ এক বিবৃতি দিয়েছে।


জাতীয় পতাকাবাহী সংস্থাটি জানিয়েছে, এই রুটটি বর্তমানে বিমানের জন্য অর্থনৈতিকভাবে লাভজনক নয় এবং সীমিতসংখ্যক ওয়াইড-বডি উড়োজাহাজ (B787 ও B777) দিয়ে একই সঙ্গে ইউরোপ, হজ ও মধ্যপ্রাচ্যের রুট পরিচালনা করায় ফ্লিট ব্যবস্থাপনায় চাপ তৈরি হচ্ছে।


বিবৃতিতে আরো বলা হয়, ম্যানচেস্টারের মতো দীর্ঘপথের রুটে একটি উড়োজাহাজ একাধিক দিন ব্যস্ত থাকায় হজ মৌসুমে বিপুলসংখ্যক যাত্রী পরিবহনের জন্য প্রয়োজনীয় অতিরিক্ত ফ্লাইট পরিচালনায় জটিলতা দেখা দেয়। পাশাপাশি মধ্যপ্রাচ্যের রুটগুলোতে প্রবাসী শ্রমিক ও ওমরা যাত্রীদের চাহিদা অত্যন্ত বেশি থাকায় সীমিত ফ্লিটকে অধিক চাহিদাসম্পন্ন রুটে ব্যবহার করাও প্রয়োজন হয়ে পড়ে।


এ ছাড়া নিয়মিত C-Check, ইঞ্জিন ওভারহল ও কাঠামোগত পরিদর্শনের কারণে এক বা একাধিক উড়োজাহাজ দীর্ঘ সময় অপারেশনের বাইরে থাকায় উড়োজাহাজ সংকট তৈরি হয়। বৈশ্বিকভাবে বিদ্যমান ক্রু সংকটও দীর্ঘপথের ফ্লাইট পরিচালনায় অতিরিক্ত চাপ সৃষ্টি করছে বলে জানায় বিমান।


এসব বিবেচনায় যাত্রীসেবার ধারাবাহিকতা ও অপারেশনাল স্থিতিশীলতা বজায় রাখতে ম্যানচেস্টার রুটে ফ্লাইট সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে বলে জানায় সংস্থাটি।


তবে যাত্রীদের সুবিধার্থে লন্ডন রুটে ফ্লাইট ফ্রিকোয়েন্সি বাড়িয়ে সপ্তাহে পাঁচটি করা হয়েছে, যার মধ্যে চারটি সিলেট হয়ে লন্ডন এবং একটি সরাসরি ঢাকা–লন্ডন পরিচালিত হচ্ছে। একই সঙ্গে ম্যানচেস্টার রুটের ফ্লাইট স্থগিতের কার্যকর তারিখ ১ ফেব্রুয়ারি ২০২৬ থেকে পিছিয়ে ১ মার্চ ২০২৬ করা হয়েছে।


বিমান জানায়, ম্যানচেস্টার রুটের যাত্রীরা অতিরিক্ত কোনো চার্জ ছাড়াই টিকিট রিফান্ড, ফ্লাইট পরিবর্তন অথবা লন্ডন হয়ে ভ্রমণের সুযোগ পাবেন।


বিবৃতিতে বলা হয়, উড়োজাহাজ সংগ্রহ ও নতুন ক্রু নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। তা সম্পন্ন হলে ভবিষ্যতে ম্যানচেস্টার রুটে ফ্লাইট পুনরায় চালুর বিষয়টি বিবেচনা করা হবে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News