ওমানে উট-গাড়ি সংঘর্ষ, ৩ বাংলাদেশি নিহত
ডেস্ক রিপোর্ট
| Published: Saturday, January 10, 2026
ছবি: সংগৃহীত
ওমানের সালালাহ এলাকায় উটের সঙ্গে গাড়ির
সংঘর্ষে এক বাংলাদেশি পরিবারের তিনজন মারা যান।
শুক্রবার
সন্ধ্যায় বাংলাদেশ সময় রাত আটটার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা
হলেন বিলকিস বেগম,তার ছেলে মুহাম্মদ সাকিবুল হাসান এবং জামাতা মুহাম্মদ দিদারুল
আলম। তারা সবাই চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া
গ্রামের বাসিন্দা।
জানা
গেছে, নিহতদের পরিবার দীর্ঘদিন ধরে ওমানে বসবাস করছিল। বিলকিস বেগমের স্বামী
মোহাম্মদ শফিউল আলম ওমানে ব্যবসা করেন। একই এলাকার বাসিন্দা মুহাম্মদ পারভেজের
সঙ্গে যৌথভাবে তিনি ঐ ব্যবসা পরিচালনা করেন।
মুহাম্মদ
পারভেজ গণমাধ্যমকে জানান, সালালাহ এলাকায় একটি মাজার জিয়ারত শেষে পরিবারটি গাড়িতে
ফিরছিল। এ সময় সড়কে হঠাৎ একটি উট সামনে চলে এলে এর সাথে গাড়িটির সজোরে ধাক্কা
লাগে। সংঘর্ষের পর গাড়িটি উল্টে গিয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। ঘটনাস্থলেই তিন জন মারা যান।
সুন্দরপুর
ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নজরুল
ইসলাম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শফিউল আলমের ভাই জানে আলম তার সঙ্গে
যোগাযোগ করে দুর্ঘটনার খবর জানান। দুর্ঘটনার পর ঐ পরিবারের আরও দুই সদস্য বর্তমানে
ওমানের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে একজন নারী ও একজন শিশু।
চিকিৎসকরা জানান, দুজনের অবস্থাই আশঙ্কাজনক। তবে তাদের
নাম-পরিচয় প্রকাশ করা হয়নি।
ওমান থেকে
বিস্তারিত তথ্য পাওয়ার পর মৃতদেহ বাংলাদেশে আনার প্রক্রিয়া শুরু করা হবে বলে জানায়
স্থানীয় প্রশাসন।
উল্লেখ্য,
উপসাগরীয় দেশগুলোর রাস্তায় উটের এমন অবাধ চলাচল ঝুঁকিপূর্ণ। মরু ও জনবসতিহীন
এলাকার রাস্তায় উট উঠে আসায় প্রায়ই এমন দুর্ঘটনার খবর পাওয়া যায়।