ওসমানী বিমানবন্দরে প্রবাসী সেবায় নতুন উদ্যোগ, চালু হবে ‘কিডস জোন’
নিজস্ব প্রতিবেদক
| Published: Thursday, June 25, 2026
ছবি: মন্ত্রণালয়
সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী যাত্রীদের সেবার মান উন্নয়নে একাধিক নতুন উদ্যোগ গ্রহণের কথা জানিয়েছে সরকার। এর মধ্যে বয়োজ্যেষ্ঠ ও অসুস্থ যাত্রীদের জন্য বিশেষ সহায়তা, নিরাপত্তা জোরদার এবং শিশুদের জন্য ‘কিডস জোন’ স্থাপনের পরিকল্পনা রয়েছে।
বুধবার ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের চলমান কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
মন্ত্রী বলেন, বিমানবন্দরে প্রবাসী যাত্রীদের সুবিধা নিশ্চিত করতে বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। বিশেষ করে বয়োজ্যেষ্ঠ, অসুস্থ এবং বিশেষ সহায়তাপ্রার্থী যাত্রীদের জন্য লাগেজ ব্যবস্থাপনা, সহায়ক সেবা ও প্রাথমিক চিকিৎসা সুবিধা সম্প্রসারণের কাজ চলছে।
তিনি বলেন, প্রবাসীরা যাতে বিমানবন্দরে কোনো ধরনের হয়রানি বা ভোগান্তির শিকার না হন, সে লক্ষ্যে সংশ্লিষ্ট সংস্থাগুলোর সঙ্গে সমন্বয় করে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।
আরিফুল হক চৌধুরী জানান, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারকারী বিপুলসংখ্যক প্রবাসীর কথা বিবেচনায় নিয়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হবে। পাশাপাশি রাতের ফ্লাইটের যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করার উদ্যোগও নেওয়া হয়েছে।
মন্ত্রী আরও বলেন, বিমানবন্দরে শিশুদের জন্য একটি ‘কিডস জোন’ স্থাপনের পরিকল্পনা রয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সমন্বয়ে এসব উদ্যোগ বাস্তবায়ন করা হবে।