ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে সিমোন বলিভার বিমানবন্দর বন্ধ, ব্যাপক ক্ষয়ক্ষতি
রাজধানী কারাকাসে বহু ভবন বিধ্বস্ত, ব্যাপক প্রাণহানির আশঙ্কা; জরুরি অবস্থা জারি
ডেস্ক রিপোর্ট
| Published: Thursday, June 25, 2026
-কোলাজ ছবি
ভেনেজুয়েলার ক্যারিবীয় উপকূলে বুধবার বিকেলে শক্তিশালী ধারাবাহিক ভূমিকম্প আঘাত হানার পর রাজধানী কারাকাসের প্রধান বিমানবন্দর সিমোন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর বন্ধ ঘোষণা করা হয়েছে। দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে এবং ক্ষতিগ্রস্ত এলাকায় উদ্ধার তৎপরতা চলছে।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানায়, উত্তর ভেনেজুয়েলায় প্রথমে ৭ দশমিক ২ মাত্রার একটি পূর্বকম্পন অনুভূত হয়। এর প্রায় ৪০ সেকেন্ড পর ৭ দশমিক ৫ মাত্রার আরও শক্তিশালী মূল ভূমিকম্প আঘাত হানে। প্রাথমিক তথ্য অনুযায়ী, এটি দেশটির ইতিহাসে রেকর্ড হওয়া অন্যতম শক্তিশালী ভূমিকম্প।
ইউএসজিএসের তথ্যমতে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল মোরন উপকূলীয় এলাকার পশ্চিমে, ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে।
উপকূলীয় শহর কাতিয়া লা মার থেকে প্রাপ্ত ও সিএনএন যাচাইকৃত ভিডিওতে একাধিক ভবন ধসে পড়তে এবং বিভিন্ন স্থানে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা গেছে। শহরটি লা গুয়াইরা অঙ্গরাজ্যে অবস্থিত, যেখানে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দর এবং রাজধানীর প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার সিমোন বলিভার আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে বিমানবন্দরের ভেতরে আতঙ্কিত যাত্রীদের ছুটোছুটি করতে এবং বিভিন্ন স্থানে ধুলা ও ধ্বংসস্তূপ ছড়িয়ে থাকতে দেখা যায়। কর্তৃপক্ষ নিরাপত্তার স্বার্থে বিমানবন্দরটির কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করেছে।
ভেনেজুয়েলার সাবেক আইনপ্রণেতা উইলমার আজুয়াহে ভূমিকম্পের সময় বিমানবন্দর এলাকা থেকে রয়টার্সে পাঠানো এক ভিডিও বার্তায় পরিস্থিতিকে “অত্যন্ত গুরুতর” বলে বর্ণনা করেন। তিনি জানান, বিমানবন্দর ও আশপাশের এলাকায় উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতি হয়েছে।
রাজধানী কারাকাস থেকেও ব্যাপক ক্ষতির খবর পাওয়া গেছে। অনলাইনে প্রকাশিত ভিডিওতে বিভিন্ন বাণিজ্যিক এলাকায় ধুলোর মেঘ উড়তে এবং ভবনের অংশবিশেষ ভেঙে পড়তে দেখা গেছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপে আটকে পড়া মানুষদের খোঁজে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।
এদিকে, প্যাসিফিক সুনামি ওয়ার্নিং সেন্টার (পিটিডব্লিউসি) ভেনেজুয়েলার উপকূলের পাশাপাশি আরুবা, বোনাইরে ও কুরাসাও দ্বীপপুঞ্জের জন্য সুনামি সতর্কতা জারি করেছে। পুয়ের্তো রিকো ও মার্কিন ভার্জিন দ্বীপপুঞ্জের জন্যও সুনামি পরামর্শ জারি করা হয়েছে।
ভেনেজুয়েলার সিভিল ডিফেন্স ও জরুরি ব্যবস্থাপনা কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর অবকাঠামোগত পরিস্থিতি মূল্যায়ন এবং উদ্ধার কার্যক্রম সমন্বয়ের কাজ শুরু করেছে। হতাহত ও ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ চিত্র এখনও প্রকাশ করা হয়নি।
সূত্র: এএ/সিএনএন