অনুমোদনহীন হজ এজেন্সির প্রচারণা নিয়ে সতর্ক থাকার আহ্বান ধর্ম মন্ত্রণালয়ের
ডেস্ক রিপোর্ট
| Published: Thursday, June 25, 2026
অনুমোদনহীন এজেন্সি, গ্রুপ বা কাফেলার মাধ্যমে হজ কার্যক্রম পরিচালনার প্রচারণার বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়।
একই সঙ্গে তালিকাভুক্ত ও লাইসেন্সধারী হজ এজেন্সি ছাড়া অন্য কোনো প্রতিষ্ঠানের সঙ্গে হজ-সংক্রান্ত আর্থিক লেনদেন না করার অনুরোধ জানানো হয়েছে।
বৃহস্পতিবার মন্ত্রণালয়ের হজ-৩ শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কিছু অনুমোদনহীন এজেন্সি, গ্রুপ ও কাফেলা ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে আকর্ষণীয় হজ প্যাকেজ প্রচার করে হজযাত্রীদের প্রলুব্ধ করার চেষ্টা করছে। কিন্তু সরকার অনুমোদিত বৈধ লাইসেন্সধারী ও তালিকাভুক্ত হজ এজেন্সি ছাড়া অন্য কোনো এজেন্সি, এজেন্ট, গ্রুপ বা কাফেলার মাধ্যমে হজ কার্যক্রম পরিচালনার সুযোগ নেই এবং তাদের মাধ্যমে হজে যাওয়া সম্ভব নয়।
ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, প্রতারণা এড়াতে তালিকাভুক্ত যোগ্য হজ এজেন্সি ছাড়া অন্য কোনো এজেন্সি, ট্রাভেল এজেন্ট, গ্রুপ বা কাফেলার সঙ্গে হজ-সংক্রান্ত অর্থ লেনদেন থেকে বিরত থাকা উচিত।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ২০২৭ সালের হজ প্যাকেজ ও হজ গাইডলাইন শিগগিরই ঘোষণা করা হবে। সংশ্লিষ্টদের সরকারি ঘোষণা অনুযায়ী প্রকাশিত প্যাকেজ ও গাইডলাইন অনুসরণ করার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।