অভিবাসী ভিসা স্থগিতাদেশ স্মরণ করিয়ে দিল যুক্তরাষ্ট্র দূতাবাস
ডেস্ক রিপোর্ট
| Published: Sunday, July 12, 2026
বাংলাদেশি নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান এখনও স্থগিত রয়েছে বলে শনিবার আবারও জানিয়েছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস।
দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে যুক্তরাষ্ট্রের করদাতাদের ওপর সরকারি সহায়তার বোঝা এড়ানোর বিষয়টিকে এই সিদ্ধান্তের কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।
দূতাবাস বলেছে , “স্মরণ করিয়ে দেওয়া যাচ্ছে যে, গত ২১ জানুয়ারি, ২০২৬ তারিখে ডিপার্টমেন্ট বাংলাদেশের নাগরিকদের জন্য অভিবাসী ভিসা প্রদান স্থগিত করে, কারণ বাংলাদেশের নাগরিকদের মধ্যে যুক্তরাষ্ট্রের সরকারি কল্যাণমূলক সুবিধা ব্যবহারের হার বেশি।”
মোট ৭৫টি দেশের নাগরিকদের ক্ষেত্রে এই স্থগিতাদেশ প্রযোজ্য।
দূতাবাস আরও বলেছে, “এই স্থগিতাদেশের ফলে আমাদের যাচাই ও বাছাই নীতিমালা ও প্রক্রিয়াগুলোর পূর্ণাঙ্গ পর্যালোচনা করার সময় মিলবে, যাতে সেগুলো আমেরিকানদের স্বার্থকে অগ্রাধিকার দেয়।”
তবে এই স্থগিতাদেশ অনভিবাসী ভিসার ক্ষেত্রে প্রযোজ্য নয়, যার মধ্যে পর্যটক, শিক্ষার্থী ও কর্মভিত্তিক ভিসাও অন্তর্ভুক্ত বলে দূতাবাস জানিয়েছে।