বাহামায় ছোট উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ১০ জন নিহত
ডেস্ক রিপোর্ট
| Published: Sunday, July 12, 2026
ছবি: সংগৃহীত
ক্যারিবীয় সাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র বাহামায় শুক্রবার একটি ছোট আকারের উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে এতে থাকা ১০ জন যাত্রীই নিহত হয়েছেন। এ ঘটনার পর কর্তৃপক্ষ সাময়িকভাবে ফ্ল্যামিঙ্গো এয়ারের ফ্লাইট পরিচালনা বন্ধ করে দিয়েছে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা উপদ্বীপের দক্ষিণ-পূর্বে অবস্থিত বাহামা প্রায় ৭০০টি দ্বীপ নিয়ে গঠিত একটি দ্বীপরাষ্ট্র, যার রাজধানী নাসাউ। দুর্ঘটনাটি ঘটে নাসাউ থেকে পশ্চিমের জলসীমায় অবস্থিত নর্থ অ্যান্ড্রোস দ্বীপে।
বাহামিয়ান এয়ারক্রাফট অ্যাক্সিডেন্ট ইনভেস্টিগেশন অথরিটি জানায়, সেসনা ৪০২ মডেলের উড়োজাহাজটি নাসাউয়ের লিন্ডেন পিন্ডলিং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সান অ্যান্ড্রোসের উদ্দেশে যাত্রা শুরু করে বিধ্বস্ত হয় নর্থ অ্যান্ড্রোসের একটি ঝোপঝাড়পূর্ণ এলাকায়।
বাহামার প্রধানমন্ত্রী ফিলিপ ব্রেভ ডেভিস প্রথমে জানিয়েছিলেন, একজন যাত্রী দুর্ঘটনায় বেঁচে গেছেন। তবে পরে এক সংবাদ সম্মেলনে তিনি নিশ্চিত করেন যে, আহত ওই ব্যক্তিও পরে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
নিহতদের পরিচয় এখনও সরকারিভাবে প্রকাশ করা হয়নি, তবে স্থানীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, নিহতদের মধ্যে বাহামার জনপ্রিয় একটি সংগীতদলের সদস্য ও একজন ডিজে ছিলেন।
দেশটি তখন তার স্বাধীনতার ৫৩তম বার্ষিকী উদযাপন করছিল এমন দিনে এই দূর্ঘ টনাটি ঘটে। প্রধানমন্ত্রী ডেভিস বলেন, "আমরা গভীর শোকের ছায়ায় সমবেত হয়েছি... এটি এখন শোকের দিনে পরিণত হয়েছে।"
শুক্রবার একই দিনে ফ্ল্যামিঙ্গো এয়ারের উড়োজাহাজ-সংক্রান্ত দুটি পৃথক নিরাপত্তা ঘটনার প্রেক্ষিতে দেশটির জ্বালানি, ইউটিলিটি ও বিমান পরিবহন মন্ত্রণালয় সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে সংস্থাটির পরিচালনা সনদ (অপারেটর সার্টিফিকেট) স্থগিত করেছে।
এর একটি হলো এই প্রাণঘাতী দুর্ঘটনা, অন্যটি— একই দিন আরেকটি ফ্ল্যামিঙ্গো এয়ারের উড়োজাহাজ জরুরি অবতরণের পর নাসাউয়ে আগুন ধরে যাওয়ার ঘটনা। উভয় ঘটনারই তদন্ত চলছে।
সূত্র: এপি