ভিয়েতনামে স্পিডবোট দুর্ঘটনায় ১৫ ভারতীয় পর্যটকের মৃত্যু
ডেস্ক রিপোর্ট
| Published: Sunday, July 12, 2026
ছবি: সংগৃহীত
দক্ষিণ ভিয়েতনামে একটি দ্বীপ ভ্রমণ শেষে ফেরার পথে শনিবার একটি স্পিডবোট উল্টে ১৫ জন ভারতীয় পর্যটক নিহত হয়েছেন। তীর থেকে মাত্র আধা কিলোমিটারেরও কম দূরত্বে দুর্ঘটনাটি ঘটে, আর যাত্রীরা তখন সাহায্যের জন্য চিৎকার করছিলেন বলে জানিয়েছেন কর্মকর্তা ও এক প্রত্যক্ষদর্শী।
কর্তৃপক্ষের বরাত দিয়ে জানা গেছে, ভিয়েতনামের সবচেয়ে বড় দ্বীপ ফু কুওকের কাছের হন মে রুট এনগোই দ্বীপ থেকে যাত্রা শুরুর কিছুক্ষণ পরই শনিবার বিকেলে বোটটি উল্টে যায়। বোটে ৩২ জন ভারতীয় পর্যটক ও চারজন ক্রু সদস্য ছিলেন।
দুর্ঘটনার প্রত্যক্ষদর্শী ভারতীয় নাগরিক আশিস কুমার টেলিফোনে অ্যাসোসিয়েটেড প্রেসকে (এপি) বলেন, "বোটটি আধা কিলোমিটারও যায়নি, তার আগেই উল্টে যায়। আমরা চিৎকার করছিলাম, 'সাহায্য করুন! সাহায্য করুন!'" তিনি জানান, আশপাশের বোটগুলো তাৎক্ষণিকভাবে উদ্ধারে এগিয়ে আসে, তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছিল।
কুমার আরও জানান, তীরে উদ্ধারকৃতদের ফিরিয়ে আনার সময় সেখানে কোনো জরুরি চিকিৎসাসেবা ছিল না। তিনি বলেন, যাত্রীদের একাংশ একটি স্মার্টফোন ও ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠানের কর্মী ভ্রমণে অংশ নিচ্ছিলেন। তার তিন বন্ধুও বোটে ছিলেন, যাদের মধ্যে দু'জন মারা গেছেন এবং একজন সংকটাপন্ন অবস্থায় রয়েছেন বলে তাকে জানানো হয়েছে।
ভারতীয় স্মার্টফোন ও ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান, "লাভা" ইন্টারন্যাশনাল নিশ্চিত করেছে, দুর্ঘটনায় তাদের কিছু কর্মী ও চ্যানেল পার্টনার এই দূর্ঘটনার শিকার হয়েছেন। প্রতিষ্ঠানটি এক বিবৃতিতে জানায়, ক্ষতিগ্রস্তদের ও তাদের পরিবারকে সর্বোচ্চ সহায়তা দেওয়াই তাদের অগ্রাধিকার।
ভিয়েনামের সংবাদমাধ্যম ভিএন এক্সপ্রেসের বরাতে জানা যায়, উল্টে যাওয়া বোটের ভেতরে কিছু যাত্রী আটকা পড়েছিলেন। ভিয়েতনামি টেলিভিশনের ফুটেজে উত্তাল সাগর ও প্রবল বাতাসের মধ্যে উদ্ধারকারী দলকে পানিতে থাকা মানুষদের দিকে লাইফ বয়া ছুঁড়ে দিতে দেখা যায়। জেট স্কি ব্যবহার করে বেঁচে যাওয়া ব্যক্তিদের তীরে ফিরিয়ে আনা হয়, আর তীরে অপেক্ষমাণরা তাদের প্রাথমিক চিকিৎসা দেন।
কর্তৃপক্ষ জানিয়েছে, মোট ২১ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে এবং নিহত সবার মরদেহ উদ্ধার করা হয়েছে। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।
ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিন হুং দুর্ঘটনার তদন্তের নির্দেশ দিয়েছেন এবং দায়ীদের জবাবদিহির আওতায় আনতে কর্তৃপক্ষকে নির্দেশনা দিয়েছেন। এ ছাড়া দুর্ঘটনাস্থল এলাকার জলপথ ও নৌ-নিরাপত্তা পর্যালোচনা করতেও কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এ দুর্ঘটনায় শোক প্রকাশ করেছেন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, ভারতীয় দূতাবাস সম্ভাব্য সব ধরনের সহায়তা দিচ্ছে।
নিহতদের অধিকাংশই ভারতের দক্ষিণাঞ্চলীয় তেলেঙ্গানা ও তামিলনাড়ু রাজ্যের বাসিন্দা বলে জানা গেছে। তেলেঙ্গানা কর্তৃপক্ষ ভুক্তভোগীদের পরিবারকে সহায়তা ও তথ্য দিতে একটি নিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করেছে।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে জানান, তিনি ভারতীয় কর্তৃপক্ষকে ভুক্তভোগীদের সহায়তা দেওয়ার পাশাপাশি নিহতদের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে আনা নিশ্চিত করতে অনুরোধ জানিয়েছেন।
থাইল্যান্ড উপসাগরে অবস্থিত ফু কুওক ভিয়েতনামের অন্যতম জনপ্রিয় সমুদ্রসৈকত গন্তব্য। হন মে রুট দ্বীপটি ফু কুওক থেকে প্রায় ১০ কিলোমিটার (৬ মাইল) দক্ষিণে অবস্থিত। সাদা বালুর সৈকত ও স্বচ্ছ পানির জন্য পরিচিত এলাকা দুটি প্রতি বছর লাখ লাখ দেশি-বিদেশি পর্যটক আকর্ষণ করে।
ভিয়েতনামের দ্রুত বর্ধনশীল পর্যটন বাজারগুলোর একটি ভারত। ২০২৫ সালে ভিয়েতনাম প্রায় ৭ লাখ ৫০ হাজার ভারতীয় পর্যটককে স্বাগত জানায়, যা আগের বছরের তুলনায় প্রায় ৫০ শতাংশ বেশি।
কর্মকর্তারা এই প্রবৃদ্ধির কারণ হিসেবে ভারত ও ভিয়েতনামের প্রধান শহরগুলোর মধ্যে সরাসরি ফ্লাইট নেটওয়ার্কের সম্প্রসারণ এবং ভিয়েতনামের সহজ ই-ভিসা নীতিকে দায়ী করেছেন।
সূত্র: এবিসি নিউজ