প্রবাসী কার্ড চালুর লক্ষ্যে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়-জনতা ব্যাংক সমঝোতা স্মারক স্বাক্ষর
নিজস্ব প্রতিবেদক
| Published: Tuesday, August 11, 2026
ছবি: মন্ত্রণালয়
প্রবাসী কার্ড চালুর লক্ষ্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং জনতা ব্যাংক পিএলসি-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তি এ তথ্য জানানো হয়েছে।
সোমবার রাজধানীর প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এ স্মারক স্বাক্ষরিত হয়। বিদেশে অবস্থানরত ও অভিবাসনপ্রত্যাশী বাংলাদেশি নাগরিকদের জন্য প্রবর্তিতব্য এই কার্ডের মাধ্যমে প্রবাসীদের আর্থিক লেনদেন সহজ করা, তাঁদের ব্যাংকিং সেবার আওতায় আনা এবং বিভিন্ন সুযোগ-সুবিধা নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছে মন্ত্রণালয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক বলেন, "আজ প্রবাসী কার্ড চালুর মাধ্যমে আমরা এক ঐতিহাসিক ও যুগান্তকারী ঘটনার সাক্ষী হতে যাচ্ছি।" দেশের অর্থনীতি সচল রাখতে এবং বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতে প্রবাসী বাংলাদেশিদের অবদানকে সর্বাগ্রে উল্লেখ করে তিনি বলেন, প্রবাসীদের জীবনের সার্বিক সুরক্ষা, কষ্টার্জিত অর্থের নিরাপত্তা এবং দেশে লেনদেন প্রক্রিয়া সহজ করতেই এই ডিজিটাল কার্ড প্রবর্তন করা হচ্ছে।
তিনি এ উদ্যোগে সহযোগিতার জন্য জনতা ব্যাংক পিএলসি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান এবং আশা প্রকাশ করেন, প্রবাসী কার্ডের মাধ্যমে প্রবাসীরা সরাসরি ব্যাংকিং চ্যানেলে দ্রুত ও নিরাপদ লেনদেনের পাশাপাশি সরকারি বিভিন্ন সুবিধা আরও সহজে ভোগ করতে পারবেন।
অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মন্ত্রণালয়ের সচিব মোঃ মোখতার আহমেদ বলেন, সরকারের সময়-আবদ্ধ নির্দিষ্ট পরিকল্পনা ও রোডম্যাপ অনুযায়ী মন্ত্রণালয়ের কার্যক্রম এগিয়ে চলছে এবং প্রবাসীদের কল্যাণ সাধনে গৃহীত প্রতিটি সিদ্ধান্ত নির্দিষ্ট মেয়াদের মধ্যে বাস্তবায়নে মন্ত্রণালয় প্রতিশ্রুতিবদ্ধ। এদিনের সমঝোতা স্মারক তারই একটি প্রতিফলন বলে তিনি উল্লেখ করেন।
মন্ত্রণালয়ের পক্ষে সচিব মোঃ মোখতার আহমেদ এবং জনতা ব্যাংক পিএলসি-এর পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মো. মজিবর রহমান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। অনুষ্ঠানে দুই প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।