কোরিয়ার প্রতিনিধিদলের সঙ্গে বৈঠক: শ্রমবাজার সম্প্রসারণে আগ্রহী বাংলাদেশ
ডেস্ক রিপোর্ট
| Published: Wednesday, August 12, 2026
ছবি: মন্ত্রণালয়
দক্ষিণ কোরিয়ার একটি প্রতিনিধিদল মঙ্গলবার বিকেলে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে। এতে দুই দেশ এম্প্লয়মেন্ট পারমিট সিস্টেম বা ইপিএসের আওতায় শ্রম অভিবাসন সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার বিষয়ে একমত হয়েছে।
দক্ষিণ কোরিয়ার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের পরিচালক হান উনসুকের নেতৃত্বে প্রতিনিধিদলটি বৈঠকে অংশ নেয়। এ সময় উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক।
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেন, দক্ষিণ কোরিয়ার সঙ্গে বাংলাদেশের দীর্ঘদিনের বন্ধুত্ব ও ঘনিষ্ঠ সম্পর্ককে সরকার গুরুত্বের সঙ্গে দেখে। তিনি বলেন, গত কয়েক বছরে ইপিএস দুই দেশের মধ্যে শ্রম অভিবাসনের একটি গুরুত্বপূর্ণ ও পারস্পরিক লাভজনক কাঠামো হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। বাংলাদেশি কর্মীদের জন্য কর্মসংস্থানের সুযোগ তৈরিতে কোরিয়া সরকারের অব্যাহত সহায়তার জন্য তিনি ধন্যবাদ জানান।
তিনি জানান, বাংলাদেশি কর্মীরা তাদের দক্ষতা, শৃঙ্খলা ও নিষ্ঠার মাধ্যমে কোরিয়ার বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ অবদান রাখছেন। ২০০৮ সাল থেকে এ পর্যন্ত মোট ৩৮ হাজার ৫৯ জন বাংলাদেশি কর্মী কোরিয়ায় কর্মসংস্থানের সুযোগ পেয়েছেন। ইপিএসের অন্যতম শীর্ষ কর্মী পাঠানো দেশ হিসেবে বাংলাদেশ এই সম্পর্ক আরও মজবুত ও সম্প্রসারিত করতে চায় বলে তিনি জানান।
প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক বলেন, কোটার সর্বোচ্চ ব্যবহার, রোস্টার ব্যবস্থাপনা, কর্মী বাছাই ও নিয়োগ প্রক্রিয়া সহজ করা, কোরিয়ান ভাষা প্রশিক্ষণ এবং কোরিয়ার শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের অংশগ্রহণ আরও বাড়াতে বাস্তবভিত্তিক পদক্ষেপ নিয়ে কাজ করতে সরকার আগ্রহী। এ ছাড়া কৃষি ও প্রাণিসম্পদ খাতসহ নতুন কিছু খাতে বাংলাদেশি কর্মীদের সুযোগ দেওয়ার বিষয়ে দক্ষিণ কোরিয়া সরকারের কাছে সদয় বিবেচনা চান তিনি।
হান উনসুক বলেন, স্বচ্ছতা নিশ্চিত করতেই দক্ষিণ কোরিয়া মূলত ইপিএসের মাধ্যমে কর্মী নেয়। বাংলাদেশ থেকে কর্মী নিতে তারা যেমন আগ্রহী, তেমনি কর্মী বাছাই প্রক্রিয়া যেন পুরোপুরি স্বচ্ছ থাকে সে বিষয়েও সমান মনোযোগী। এই স্বচ্ছতা আরও নিশ্চিত করতে বাংলাদেশের সঙ্গে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি।
সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মোঃ মোখতার আহমেদ, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাশেদুল হকসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।