সাদিয়া জাহিদি আইএটিএ’র প্রথম নারী মহাপরিচালক
ডেস্ক রিপোর্ট
| Published: Saturday, July 25, 2026
ছবি: সংগৃহীত
আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থা আইএটিএ-র পরবর্তী মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন পাকিস্তান বংশোদ্ভূত নির্বাহী সাদিয়া জাহিদি। আগামী ১ নভেম্বর ২০২৬ থেকে দায়িত্ব নেওয়ার মাধ্যমে তিনি হবেন বৈশ্বিক এই এয়ারলাইন্স সংস্থাটির নবম ও ইতিহাসে প্রথম নারী মহাপরিচালক।
জাহিদি বর্তমানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ম্যানেজিং ডিরেক্টর ও ম্যানেজিং বোর্ডের সদস্য হিসেবে কর্মরত আছেন।
আইএটিএ বোর্ড অব ডিরেক্টরসের চেয়ারম্যান ও লাটাম এয়ারলাইন্স গ্রুপের প্রধান নির্বাহী রবার্তো আলভো এক বিবৃতিতে বলেন, বোর্ড সদিয়া জাহিদিকে মহাপরিচালক হিসেবে নিয়োগ দিতে পেরে অত্যন্ত সন্তুষ্ট। তিনি বলেন, ডব্লিউইএফ-এ জাহিদির দীর্ঘ ও অসামান্য অভিজ্ঞতা বিশ্বের এয়ারলাইন্সগুলোর কণ্ঠস্বর হিসেবে আইএটিএ-কে আরও শক্তিশালী করবে।
প্রযুক্তি ও ভূরাজনীতির মতো বিষয়গুলো ভবিষ্যতে এই খাতের গতিপথ বদলে দেবে উল্লেখ করে আলভো বলেন, এই পরিবর্তনের সময়ে শিল্পের প্রয়োজনগুলো কার্যকরভাবে তুলে ধরার মতো দক্ষতা জাহিদির রয়েছে।
ডব্লিউইএফ-এ দুই দশকেরও বেশি সময় কাজ করেছেন জাহিদি। সেখানে তিনি সেন্টার ফর দ্য নিউ ইকোনমি অ্যান্ড সোসাইটি প্রতিষ্ঠা করে এর নেতৃত্ব দিয়ে আসছেন। এছাড়া তিনি ডব্লিউইএফ-এর ফিউচার অব জবস রিপোর্ট, ফিউচার অব গ্রোথ রিপোর্ট, গ্লোবাল জেন্ডার গ্যাপ রিপোর্ট ও চিফ ইকোনমিস্ট আউটলুক প্রতিষ্ঠা ও সহলেখকের কাজ করেছেন।
নিয়োগের পর দেওয়া বিবৃতিতে জাহিদি বলেন, এই গুরুত্বপূর্ণ সময়ে আইএটিএ-র লক্ষ্য এগিয়ে নিতে সহায়তা করতে পেরে তিনি সম্মানিত বোধ করছেন। বিমান পরিবহনকে অর্থনৈতিক প্রবৃদ্ধি, বাণিজ্য, পর্যটন, কর্মসংস্থান, বিনিয়োগ ও সুযোগের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবকাঠামো আখ্যা দিয়ে তিনি বলেন, সদস্য এয়ারলাইন্স, সরকার ও অংশীদারদের সঙ্গে মিলে আইএটিএ-র অগ্রযাত্রা অব্যাহত রাখতে তিনি কাজ করে যেতে চান।
জাহিদি স্মিথ কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক, দ্য গ্র্যাজুয়েট ইনস্টিটিউট থেকে আন্তর্জাতিক অর্থনীতিতে এমফিল এবং হার্ভার্ড কেনেডি স্কুল থেকে এমপিএ ডিগ্রি অর্জন করেছেন। তিনি সুইজারল্যান্ড ও পাকিস্তানি— দুই দেশেরই নাগরিক।
সূত্র: ব্রেকর্ডার