সেন্টমার্টিনগামী জাহাজের আগুনে ঘুমন্ত ক্রুর মৃত্যু, তদন্ত কমিটি গঠন
ছবি : সংগৃহীত
কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে অবস্থানরত জাহাজটিতে শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন সি ক্রুজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (স্কোয়াব) সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর।
কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের উপ-সহকারী পরিচালক ছৈয়দ মো. মোরশেদ হোসেন জানান, বেলা ১১টা পর্যন্ত আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। নৌবাহিনীর সদস্যদের সঙ্গে নিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলছে। আগুনের সূত্রপাত এখনও নিশ্চিত হওয়া যায়নি। তবে আগুনে জাহাজে অবস্থানরত এক ব্যক্তির মৃত্যু হয়েছে। ওই ব্যক্তি জাহাজের একটি কক্ষের ভেতর ঘুমন্ত অবস্থায় ছিলেন।
আগুনে দগ্ধ হয়ে মারা যাওয়া ব্যক্তির নাম নুর কামাল। তিনি ওই জাহাজের একজন ক্রু বলে নিশ্চিত করেছেন সি ক্রুজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (স্কোয়াব)-এর সাধারণ সম্পাদক হোসাইনুল ইসলাম বাহাদুর।
তিনি বলেন, ‘প্রতিদিনের মতো সেন্টমার্টিন যেতে পর্যটক তোলার জন্য সকাল ৭টার দিকে ঘাটে আসছিল দ্যা আটলান্টিক ক্রুজ জাহাজটি। হঠাৎ জাহাজের ভেতর থেকে ধোঁয়া উঠছিল। কিছুক্ষণের মধ্যেই আগুনের লেলিহান শিখা দেখা যায়। আগুন নেভানোর কাজ চলমান রয়েছে।
আগুন লাগার খবরে ঘাট আসেন কক্সবাজারের জেলা প্রশাসক মো. আ. মান্নান। তিনি জানান, জাহাজে আগুন লাগার কারণ জানতে ৫ সদস্যে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। বিকালে জাহাজ মালিকদের সঙ্গে সভার সিদ্ধান্তও হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তানজিলা তাসনিম বলেন, ‘সরকারি নির্দেশনা মতো পর্যটকদের জাহাজে উঠা চেক করতে প্রশাসনের সংশ্লিষ্টরা ঘাট এলাকায় আসে। এরমাঝে এ অনাকাঙ্ক্ষিত ঘটনা অবলোকন করা হয়। আগুন নির্বাপণের কাজ চলছে। জাহাজটি পুরোই ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে, আগুন লাগার আগে কোনো পর্যটকরা জাহাজে উঠেননি। তিনি বলেন, ‘এ জাহাজের যে পর্যটকরা সেন্টমার্টিন যাওয়া কথা ছিল তাদের অন্য জাহাজে পাঠানো হয়েছে।