সিভিল এভিয়েশন একাডেমিতে এভিয়েশন সিকিউরিটি কোর্স শুরু
ডেস্ক রিপোর্ট
| Published: Tuesday, June 02, 2026
ছবি: বেবিচক
সিভিল এভিয়েশন একাডেমিতে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও) স্বীকৃত ‘এভিয়েশন সিকিউরিটি ন্যাশনাল ইন্সপেক্টরস (এএসএনআই)’ কোর্সের উদ্বোধন করা হয়েছে।
০১ জুন অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য (অপারেশনস অ্যান্ড প্ল্যানিং) এয়ার কমোডর আবু সাঈদ মেহবুব খান।
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কতৃপক্ষ (বেবিচক) সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেবিচকের সদস্য (নিরাপত্তা) এয়ার কমোডর মো. আসিফ ইকবাল। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিভিল এভিয়েশন একাডেমির পরিচালক প্রশান্ত কুমার চক্রবর্তী এবং আইকাও অনুমোদিত প্রশিক্ষক ও কোর্স ইন্সট্রাক্টর মোহাম্মদ আলমগীর।
দুই সপ্তাহব্যাপী এ প্রশিক্ষণ কোর্সে বাংলাদেশসহ বিভিন্ন দেশের ১২ জন এভিয়েশন সিকিউরিটি ইন্সপেক্টর অংশ নিচ্ছেন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, এভিয়েশন নিরাপত্তা ব্যবস্থার কার্যকর তদারকি ও পরিদর্শন সক্ষমতা বৃদ্ধি এবং আইকাও নির্ধারিত আন্তর্জাতিক ‘স্ট্যান্ডার্ডস অ্যান্ড রেকমেন্ডেড প্র্যাকটিসেস’ (এসএআরপিস) বাস্তবায়নে এএসএনআই কোর্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
বেবিচকের মতে, প্রশিক্ষণটি অংশগ্রহণকারীদের আধুনিক এভিয়েশন নিরাপত্তা পরিদর্শন, মূল্যায়ন ও তদারকি কার্যক্রম পরিচালনার জন্য প্রয়োজনীয় জ্ঞান ও দক্ষতা অর্জনে সহায়তা করবে। এর মাধ্যমে দেশের বিমানবন্দরগুলোর নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী ও আন্তর্জাতিক মানসম্মত হবে।