সৌদি থেকে বিনা জরিমানায় বের হতে পারবেন আটকে পড়া দর্শনার্থীরা
ডেস্ক রিপোর্ট
| Published: Thursday, March 26, 2026
ফাইল ছবি
চলমান মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে আটকে পড়া দর্শনার্থীদের জন্য সাময়িক ভিসা সুবিধা ঘোষণা করেছে সৌদি আরব। নতুন সিদ্ধান্ত অনুযায়ী তারা ১৮ এপ্রিল পর্যন্ত জরিমানা ছাড়াই ঐ দেশ ত্যাগ করতে পারবেন বা ভিসার মেয়াদ বাড়াতে পারবেন।
সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, যাদের ভিজিট ভিসা, ওমরাহ ভিসা, ট্রানজিট ভিসা বা ফাইনাল এক্সিট পারমিট ২০২৬ সালের ফেব্রুয়ারির শেষ দিকে মেয়াদ শেষ হয়ে গেছে এবং যারা তখন দেশে ফিরতে না পেরে সৌদি আরবে আটকে পড়েছেন তারাই এই সুবিধা পাবেন। যুক্তরাষ্ট্র-ইসরায়েল ও ইরান সংঘাতের কারণে সৃষ্ট ভ্রমণ জটিলতা বিবেচনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন নির্দেশনায় ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের জন্য দুটি বিকল্প রাখা হয়েছে। প্রথম বিকল্প হিসেবে স্পনসরের আবেদনের মাধ্যমে ‘আবশের’ প্ল্যাটফর্মে নির্ধারিত ফি জমা দিয়ে ভিসার মেয়াদ ১৮ এপ্রিল পর্যন্ত বাড়ানো যাবে। ফলে তারা ঐ সময় পর্যন্ত বৈধভাবে সৌদিতে থাকতে পারবেন।
দ্বিতীয়ত, কোনো ভিসা নবায়নের ফি বা বাড়তি সময় ধরে থাকার জরিমানা না দিয়েই সরাসরি আন্তর্জাতিক বিমানবন্দর বা প্রস্থান পয়েন্ট দিয়ে সৌদি আরব ত্যাগ করা যাবে।
স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই সুবিধা মূলত ২৫–২৬ ফেব্রুয়ারি মেয়াদ শেষ হওয়া ভিসাধারীদের জন্য প্রযোজ্য।
কর্তৃপক্ষ যোগ্য ভিসাধারীদের ১৮ এপ্রিলের মধ্যে এই সুযোগ কাজে লাগিয়ে দেশ ছাড়ার আহ্বান জানিয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে তা না করলে সৌদি আইনের আওতায় জরিমানা বা অন্যান্য আইনি জটিলতার মুখে পড়তে হতে পারে।
আঞ্চলিক পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত দর্শনার্থী ও বাসিন্দাদের সুবিধার্থে সৌদি নেতৃত্বের নির্দেশনায় এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে।
কর্মকর্তারা জানান, আন্তর্জাতিক প্রবেশ ও প্রস্থান ব্যবস্থাকে স্বাভাবিক রাখতে এবং নিয়ম মেনে চলা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
এই সিদ্ধান্তে সৌদি আরবে থাকা হাজারো বাংলাদেশি ওমরাহযাত্রী ও পর্যটক স্বস্তি পেয়েছেন। কারণ ফ্লাইটের সমস্যার জন্য তারা নির্ধারিত সময়ে দেশে ফিরতে পারেননি। অনেকের ভিসার মেয়াদ ফেব্রুয়ারিতেই শেষ হয়ে গেলেও তারা সৌদি আরব ছাড়তে পারেননি। কিন্তু এই সুযোগে তারা সহজেই দেশে ফিরতে পারবেন।
মন্ত্রণালয় আরও জানায়, সুবিধাভোগীদের অবশ্যই ১৮ এপ্রিলের মধ্যে দেশ ত্যাগ করতে হবে। নইলে আইনি ব্যবস্থা নেওয়া হতে পারে। ভিসার মেয়াদ বাড়ানোর আবেদন ‘আবশের’ প্ল্যাটফর্মে অনলাইনে করতে হবে এবং স্পনসরকে নির্ধারিত ফি পরিশোধ করতে হবে।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, দ্য পেনিনসুলা কাতার