সৌদির ২ বিমানবন্দর ব্যবহার করে কুয়েত-ঢাকা ফ্লাইট চালুর পরিকল্পনা
ডেস্ক রিপোর্ট
| Published: Thursday, March 26, 2026
কোলাজ: এভিয়েশন এক্সপ্রেস
বর্তমান মধ্যপ্রাচ্যের সংঘাতের কারণে কুয়েতের আকাশপথ বন্ধ থাকায় বাংলাদেশ দূতাবাস কুয়েত এবং ঢাকার মধ্যে সৌদি আরবের দাম্মাম ও কাইসুমা বিমানবন্দর ব্যবহার করে ফ্লাইট পরিচালনার উদ্যোগ নিয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) দূতাবাসের অফিসিয়াল ফেইসবুক পেইজে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে কাউন্সিলর (দূতালয় প্রধান) মোহাম্মদ মনিরুজ্জামান এই উদ্যোগের কথা জানান। চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে কুয়েতে সব আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ রয়েছে।
দূতাবাস বাংলাদেশে পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক), বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কুয়েত এয়ারওয়েজ এবং জাজিরা এয়ারওয়েজের সঙ্গে সমন্বয় করে ফ্লাইট পরিচালনার উদ্যোগ নিয়েছে। বেবিচক ইতিমধ্যেই কুয়েত এয়ারওয়েজকে দাম্মাম আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশ ও কুয়েতের মধ্যে ফ্লাইট পরিচালনার অনুমোদন দিয়েছে।
সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো কুয়েতে থাকা প্রবাসী বাংলাদেশিদের সৌদি আরবে প্রবেশের জন্য ট্রানজিট ভিসা পাওয়া। এই প্রক্রিয়াটি সহজ করতে দূতাবাস সংশ্লিষ্ট এয়ারলাইনগুলোর সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে।
জাজিরা এয়ারওয়েজ ইতিমধ্যেই ১৭ মার্চ কাইসুমা বিমানবন্দর থেকে শ্রীলঙ্কায় এবং ২০ মার্চ ভারতে বাণিজ্যিক ফ্লাইট চালু করেছে। ২৯ মার্চ থেকে কুয়েত-লাহোর ফ্লাইট চালুর পরিকল্পনা করছে ঐ এয়ারলাইন। জাজিরা সৌদি ভিসা, কুয়েতের নির্ধারিত স্থানে চেক-ইন, বাস পরিবহন, কুয়েত-সৌদি সীমান্তে ইমিগ্রেশন ক্লিয়ারেন্স এবং যাত্রীদের কাইসুমা বিমানবন্দর পর্যন্ত যাত্রা নিশ্চিত করছে।
প্রবাসী বাংলাদেশিদের জন্য একই ধরনের ব্যবস্থা নিতে দূতাবাস বিমান বাংলাদেশ এয়ারলাইন্স, কুয়েত এয়ারওয়েজ এবং জাজিরা এয়ারওয়েজকে অনুরোধ করেছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে শীঘ্রই কুয়েত-ঢাকা ফ্লাইট চালু হবে এমনটাই আশা করা হচ্ছে।
জরুরি প্রয়োজনের জন্য যাত্রীদের সৌদি আরবে সড়ক পথে ভ্রমণ করে ট্রানজিট ভিসা নেওয়ার ব্যবস্থা ১৮ মার্চ থেকে শুরু হয়েছে।