ভিসা থাকলেই প্রবেশ নিশ্চিত নয়, সতর্ক করল শেনজেন দূতাবাসগুলো
ডেস্ক রিপোর্ট
| Published: Monday, May 11, 2026
-কোলাজ ছবি
বৈধ শেনজেন ভিসা থাকলেই শেনজেনভুক্ত কোনো দেশে প্রবেশ নিশ্চিত হয় না বলে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত শেনজেনভুক্ত দেশগুলোর দূতাবাসগুলো।
আজ ঢাকায় শেনজেন দূতাবাসগুলোর ভেরিফাইড ফেসবুক পেজে বাংলা ও ইংরেজিতে যৌথভাবে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, শেনজেন ভিসা ভ্রমণের পূর্বানুমতি দিলেও কোনো ভ্রমণকারীর প্রবেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা সংশ্লিষ্ট দেশের সীমান্ত পুলিশের হাতে সংরক্ষিত থাকে।
এতে বলা হয়, “আপনার ভিসা আপনাকে ভ্রমণের পূর্বানুমতি দেয়। কিন্তু যেকোনো শেনজেন দেশে ভ্রমণকারীদের প্রবেশের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত সীমান্ত পুলিশের হাতে।”
বিজ্ঞপ্তিতে ভ্রমণকারীদের ভ্রমণের সময় প্রয়োজনীয় সব কাগজপত্র সঙ্গে রাখার আহ্বান জানানো হয়েছে, যাতে সীমান্ত কর্তৃপক্ষ প্রয়োজন অনুযায়ী তথ্য যাচাই করতে পারে।
শেনজেন অঞ্চল ২৯টি ইউরোপীয় দেশ নিয়ে গঠিত, যেখানে অভ্যন্তরীণ সীমান্তে পাসপোর্ট নিয়ন্ত্রণ তুলে দেওয়া হয়েছে এবং একটি অভিন্ন ভিসা নীতির আওতায় যাতায়াত পরিচালিত হয়। তবে বাহ্যিক সীমান্ত দিয়ে প্রবেশের ক্ষেত্রে শেনজেন বর্ডার কোড অনুযায়ী জাতীয় সীমান্ত কর্তৃপক্ষের যাচাই-বাছাই প্রক্রিয়া বহাল থাকে।
ঢাকাস্থ কূটনৈতিক মিশনগুলো বিভিন্ন সময় এ ধরনের বিজ্ঞপ্তি প্রকাশ করে থাকে, যাতে ভিসাধারীরা তাদের বাধ্যবাধকতা এবং ভিসার শর্তগুলো সম্পর্কে সচেতন থাকেন।
পর্যাপ্ত আর্থিক সামর্থ্যের প্রমাণ না থাকা, ভ্রমণ বীমার অভাব, ভ্রমণের উদ্দেশ্য প্রমাণে ব্যর্থতা অথবা কাগজপত্রে অসংগতি — এসব কারণে প্রবেশ অস্বীকৃত হতে পারে।