১ জানুয়ারি থেকে ভারতীয়দের ভিসামুক্ত প্রবেশ সুবিধা বন্ধ করছে মালয়েশিয়া
ডেস্ক রিপোর্ট
| Published: Friday, November 20, 2026
ছবি- সংগৃহীত
ভারতীয় নাগরিকদের জন্য ভিসামুক্ত প্রবেশ সুবিধা বন্ধ করতে যাচ্ছে মালয়েশিয়া। আগামী ১ জানুয়ারি ২০২৭ থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে। এরপর মালয়েশিয়ায় যেতে হলে ভারতীয় পাসপোর্টধারীদের আগেই ভিসা নিতে হবে। এনডিটিভির এক প্রতিবেদনে মালয়েশিয়ার অভিবাসন বিভাগের (জেআইএম) বিজ্ঞপ্তির বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছে।
গত ১৭ নভেম্বর প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে ভারতীয় নাগরিকদের আর ভিসা অব্যাহতি দেওয়া হবে না। সরকারি সিদ্ধান্তে পরিবর্তন না এলে সব ভারতীয় পাসপোর্টধারীর জন্য এ নিয়ম কার্যকর হবে।
এর আগে ভারতীয় নাগরিকেরা পর্যটন, ব্যবসা, সামাজিক অনুষ্ঠান ও ট্রানজিটের উদ্দেশ্যে সর্বোচ্চ ৩০ দিন ভিসা ছাড়াই মালয়েশিয়ায় যেতে পারতেন।
মালয়েশিয়ার অভিবাসন বিভাগ জানিয়েছে, আগামী ১ ডিসেম্বর থেকে মাইভিসা পোর্টালের মাধ্যমে ভিসার আবেদন করা যাবে। যাঁদের ভিসা প্রয়োজন, তাঁদের পাসপোর্টের মেয়াদ কমপক্ষে ছয় মাস থাকতে হবে। এ ছাড়া মালয়েশিয়ায় অবস্থানের খরচ বহনের সামর্থ্যের প্রমাণ দেখাতে হবে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মালয়েশিয়ায় চাকরি খোঁজার জন্য ভিসামুক্ত প্রবেশ সুবিধা ব্যবহার না করতে দুই মাস আগে ভারতীয় নাগরিকদের সতর্ক করেছিল কুয়ালালামপুরে ভারতের হাইকমিশন।
হাইকমিশন জানিয়েছিল, ৩০ দিনের ভিসামুক্ত সুবিধা নিয়ে মালয়েশিয়ায় চাকরি খুঁজতে যাওয়া ভারতীয়দের সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বৈধ কাজের অনুমতি ছাড়া দেশটিতে প্রবেশ করলে নির্ধারিত সময়ের বেশি অবস্থান কিংবা অবৈধ অভিবাসী হওয়ার ঝুঁকি রয়েছে।
এদিকে মালয়েশিয়ায় ভ্রমণের পুরো সময়ের জন্য স্বাস্থ্যবিমা করার পরামর্শ দিয়েছে দেশটির অভিবাসন বিভাগ। দেশটিতে চিকিৎসা নিতে হলে বিদেশি অনাবাসীদের সব খরচ নিজেকেই বহন করতে হবে। ভিসার আবেদনের সঙ্গে সহায়ক নথি হিসেবে মাইট্রিপপাস প্ল্যাটফর্মের বিমা সনদ জমা দেওয়ার পরামর্শও দেওয়া হয়েছে।
ভিসা আবেদনের ক্ষেত্রেও নতুন নিয়ম চালু করেছে মালয়েশিয়া। গত ১ অক্টোবর থেকে কোনো আবেদন ‘নিউ অ্যাপ্লিকেশন’ বা ‘পেন্ডিং পেমেন্ট’ অবস্থায় সাত কর্মদিবসের বেশি থাকলে তা স্বয়ংক্রিয়ভাবে বাতিল হয়ে যাচ্ছে। ২০২৬ সালের ১ সেপ্টেম্বরের আগে করা আবেদনও এ নিয়মের আওতায় পড়বে। এ ধরনের আবেদন বাতিল হলে নতুন ফরমে আবার আবেদন করতে হবে। তবে আবেদন বাতিল, নীতিমালার পরিবর্তন কিংবা ভ্রমণ পরিকল্পনা বদল—কোনো কারণেই ভিসার ফি ফেরত দেওয়া হবে না।