জাপানের বিমানবন্দরে জরুরি অবতরণ করল যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান
ডেস্ক রিপোর্ট
| Published: Friday, November 20, 2026
সংগৃহীত
যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর একটি এফ-৩৫বি স্টিলথ যুদ্ধবিমান জাপানের পশ্চিমাঞ্চলের কোচি বিমানবন্দরে জরুরি অবতরণ করেছে। শুক্রবার বিমানটি জরুরি অবতরণ করে বলে স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে জানিয়েছে টোকিওভিত্তিক সংবাদমাধ্যম কিয়োদো নিউজ।
এ ঘটনায় কেউ আহত হয়নি। তবে কী কারণে বিমানটি নির্ধারিত সীমানার বাইরে জরুরি অবতরণ করেছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে, ২০২৫ সালের মার্চে পশ্চিম জাপানের ইওয়াকুনি বিমানঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের আরেকটি এফ-৩৫বি যুদ্ধবিমান একই বিমানবন্দরে জরুরি অবতরণ করেছিল।
মেরামত ও রক্ষণাবেক্ষণের জন্য ওই বিমানটি ৪০ দিনেরও বেশি সময় কোচি বিমানবন্দরে অবস্থান করেছিল।
পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় জাপানে যুক্তরাষ্ট্রের ৫০ হাজারের বেশি সামরিক সদস্য অবস্থান করছেন। দেশটিতে যুক্তরাষ্ট্রের অস্ত্র, সামরিক সরঞ্জাম ও বিভিন্ন সামরিক ঘাঁটিও রয়েছে।