পর্যটনে পারস্পরিক সহযোগিতা বাড়াতে আগ্রহী বাংলাদেশ-মালদ্বীপ
ডেস্ক রিপোর্ট
| Published: Friday, November 20, 2026
স্পিকারের সঙ্গে তার কার্যালয়ে মালদ্বীপের রাষ্ট্রদূতের সাক্ষাৎ । ছবি- সংগৃহীত
বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদারে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন এবং পারস্পরিক সফর বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সংসদ ভবনে নিজের কার্যালয়ে ঢাকায় নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ কথা বলেন।
স্পিকার বলেন, মালদ্বীপের সঙ্গে বাংলাদেশের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক রয়েছে। জনগণের সঙ্গে জনগণের সম্পর্ক এই দ্বিপাক্ষিক সম্পর্ককে এগিয়ে নিয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর মন্ত্রিসভার শপথ অনুষ্ঠানে মালদ্বীপের রাষ্ট্রপতির উপস্থিতি দুই দেশের মধ্যকার সম্পর্ক আরও ঘনিষ্ঠ করেছে।
স্পিকার বলেন, দুই দেশের মধ্যে অভিন্ন সংস্কৃতির বন্ধন রয়েছে। মুসলিম ভ্রাতৃত্ববোধের ভিত্তি দুই দেশের জনগণকে উৎসাহিত করেছে।
তিনি বলেন, দুই দেশের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ প্রতিষ্ঠা ও সংসদীয় দ্বিপাক্ষিক সফর বিনিময় এই সম্পর্কের ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ।
তিনি আরও বলেন, বর্তমান জাতীয় সংসদ জনগণের আকাঙ্ক্ষা ও প্রত্যাশা পূরণে কাজ করছে। সংসদে বিরোধী দল সক্রিয় ভূমিকা পালন করছে। এবারের সংসদের নারী সংসদ-সদস্যরা অনেক বেশি প্রশিক্ষিত ও দক্ষ। জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনে অনেকেই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।
মালদ্বীপের হাইকমিশনার শিউনীন রশীদ বলেন, বাংলাদেশ একটি মুসলিম অধ্যুষিত দেশ হওয়ায় এ দেশের জনগণ ও মালদ্বীপের জনগণের মধ্যে অভিন্ন সংস্কৃতি ও সম্প্রীতির বন্ধন রয়েছে। প্রবাসী বাংলাদেশিরা মালদ্বীপের সংস্কৃতিতে খুব সহজেই মানিয়ে নিতে পারে।
সাক্ষাৎকালে তারা উভয়েই দুই দেশের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক বিনিময়, ককাস গঠন, পর্যটন শিল্পের বিকাশ ও সমৃদ্ধি এবং বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের ওপর মতবিনিময় করেন।
স্পিকার এসময় মালদ্বীপের হাইকমিশনারকে আগামী সংসদ অধিবেশন পর্যবেক্ষণ করার আমন্ত্রণ জানান। সাক্ষাতে মালদ্বীপের ডেপুটি হাইকমিশনারসহ দূতাবাস কর্মকর্তা এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।