থাইল্যান্ডের ছয় বিমানবন্দরে ফ্লাইট চালাতে আগ্রহী ৮৭ এয়ারলাইন
ডেস্ক রিপোর্ট
| Published: Friday, November 20, 2026
সংগৃহীত
থাইল্যান্ডের ছয়টি প্রধান বিমানবন্দরে ২০২৭ সালের গ্রীষ্মকালীন মৌসুমে ফ্লাইট পরিচালনা বা সংখ্যা বাড়াতে আগ্রহ দেখিয়েছে ৮৭টি যাত্রী ও কার্গো এয়ারলাইন। এ জন্য তারা ফ্লাইট স্লট বরাদ্দ ও সূচি পরিবর্তনের আবেদন করেছে।
থাইল্যান্ডের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (সিএএটি) এ তথ্য জানিয়েছে।
সংস্থাটির মহাপরিচালক এয়ার চিফ মার্শাল মানাত চাভানাপ্রায়ুন বলেন, ১৭ থেকে ১৯ নভেম্বর হাঙ্গেরির বুদাপেস্টে অনুষ্ঠিত আন্তর্জাতিক বিমান পরিবহন সংস্থার (আইএটিএ) ১৫৯তম স্লট সম্মেলনে এ বিষয়ে আলোচনা হয়েছে। থাইল্যান্ডের স্লট সমন্বয়কারী হিসেবে সম্মেলনে অংশ নেয় সিএএটি।
ছয়টি বিমানবন্দরের মধ্যে রয়েছে সুবর্ণভূমি, ডন মুয়াং, ফুকেট, চিয়াং মাই, সামুই ও ইউ-তাপাও। এসব বিমানবন্দরে নতুন আন্তর্জাতিক রুট চালু, ফ্লাইটের সংখ্যা বাড়ানো এবং নতুন এয়ারলাইনগুলোর সেবা শুরুর বিষয়ে আলোচনা হয়।
সুবর্ণভূমি বিমানবন্দরে নেদারল্যান্ডসের কার্গো এয়ারলাইন মার্টিনএয়ার আমস্টারডাম-সুবর্ণভূমি-বাকু রুটে সপ্তাহে সাতটি ফ্লাইট পরিচালনার জন্য স্লট চেয়েছে। যুক্তরাষ্ট্রের কালিটা এয়ার নর্দার্ন কেনটাকি-সুবর্ণভূমি-নারিতা-নাগোয়া রুটে সপ্তাহে পাঁচটি ফ্লাইট পরিচালনার আবেদন করেছে।
এদিকে নরস আটলান্টিক ইউকে ব্যাংকক-লন্ডনের গ্যাটউইক রুটে সরাসরি ফ্লাইটের সংখ্যা সপ্তাহে চারটি থেকে বাড়িয়ে প্রতিদিন করার পরিকল্পনা করেছে। এ ছাড়া ২০২৭ সালের মার্চ থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত নির্দিষ্ট দিনে ম্যানচেস্টার ও লন্ডনের গ্যাটউইকের মধ্যে অতিরিক্ত ফ্লাইট চালানোর প্রস্তাব দিয়েছে তারা।
ভারতের এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস বিশাখাপত্তনম-সুবর্ণভূমি-বারাণসী রুটে সপ্তাহে দুটি ফ্লাইট চালানোর পরিকল্পনা করেছে। অন্যদিকে কাজাখস্তানের এয়ার আস্তানা আস্তানা ও সুবর্ণভূমির মধ্যে সপ্তাহে দুটি ফিরতি ফ্লাইট পরিচালনার পরিকল্পনা করেছে।