আজ ঢাকার ২৬ ফ্লাইট বাতিল
ডেস্ক রিপোর্ট
| Published: Sunday, March 08, 2026
ফাইল ছবি
টানা ৯ দিন ধরে বন্ধ মধ্যপ্রাচ্যের আকাশসীমা। এরই মধ্যে আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (ঢাকা বিমানবন্দর) থেকে ২৬টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ দফতরের সহকারী পরিচালক মুহাম্মদ কাউছার মাহমুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
নিরাপত্তা সঙ্কটের কারণে গত ২৮ ফেব্রুয়ারি ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয়। এতে ঢাকা থেকে উপসাগরীয় রুটে পরিচালিত ৮টি এয়ারলাইনের ফ্লাইট বাতিল করা হয়।
শারজাহভিত্তিক এয়ার আরাবিয়ার সর্বোচ্চ ৬টি ফ্লাইট বাতিল করা হয়। কাতার এয়ারওয়েজের ৪টি এবং কুয়েতভিত্তিক জাজিরা এয়ারওয়েজের ৪টি ফ্লাইট বাতিল করা হয়। দুবাইভিত্তিক এমিরেটস এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
এছাড়া কুয়েত এয়ারওয়েজের ২টি এবং বাহরাইনভিত্তিক গালফ এয়ারের ২টি ফ্লাইট বাতিল করা হয়। দুবাইভিত্তিক ফ্লাইদুবাই ও রিয়াদভিত্তিক সৌদিয়া এয়ারলাইন্সেরও ২টি করে ফ্লাইট বাতিল করা হয়েছে।
২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া এই আকাশসীমা সংকটের কারণে এখন পর্যন্ত ঢাকা এয়ারপোর্টের মোট ৩০০টি ফ্লাইট বাতিল হয়েছে। মার্চের ২ তারিখ সবচেয়ে বেশি সংখ্যক (৪৬টি) ফ্লাইট বাতিল করা হয়।