আমিরাতে সাধারণ ইরানিদের প্রবেশ, ট্রানজিট নিষিদ্ধ; গোল্ডেন ভিসাধারীদের ছাড়
ডেস্ক রিপোর্ট
| Published: Wednesday, April 01, 2026
ইলাস্ট্রেশন: এভিয়েশন এক্সপ্রেস
সংযুক্ত আরব আমিরাতে সাধারণ ইরানি নাগরিকদের প্রবেশ এবং ট্রানজিটে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে আজ দুবাই ভিত্তিক এয়ারলাইন এমিরেটস জানায়। তবে ফ্লাইদুবাই জানায় যে ‘গোল্ডেন ভিসাধারী’ ইরানি নাগরিকদের উপর এই নিষেধাজ্ঞা আরোপ করা হবে না।
এমিরেটস-এর ওয়েবসাইট থেকে জানা গেছে, ইরান ও গালফ রাষ্ট্রগুলোর মধ্যে উত্তেজনা বৃদ্ধির কারণে ইরানি নাগরিকরা আমিরাতে প্রবেশ করতে পারবে না বা এই দেশ থেকে ট্রানজিটও নিতে পারবে না।
আমিরাতের আরেকটি এয়ারলাইন ফ্লাইদুবাই তাদের ওয়েবসাইটে এই নিষেধাজ্ঞার তথ্য নিশ্চিত করে একটি ব্যতিক্রমী নিয়ম উল্লেখ করেছে। আমিরাতের ‘গোল্ডেন ভিসাধারী’ ইরানি নাগরিকরা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন। ইরানিদের মধ্যে কেবল তারাই প্রবেশ ও ট্রানজিটের অনুমতি পাবেন।
উল্লেখ্য, গোল্ডেন ভিসা হলো আমিরাতে দীর্ঘমেয়াদে বাস করার প্রোগ্রাম। এই প্রোগ্রামের আওতায় বিনিয়োগকারী, উদ্যোক্তা, দক্ষ পেশাজীবী এবং মেধাবী শিক্ষার্থীদের আমিরাতে স্থায়ীভাবে বাস করার অনুমতি দেওয়া হয়। এই ব্যতিক্রমী নিয়ম থেকে বুঝা যায় যে আমিরাত স্থায়ী বাসিন্দা এবং অর্থনৈতিকভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বিশেষ সুবিধা দিচ্ছে।
যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান সংঘাতের পরিপ্রেক্ষিতে সাধারণ ইরানিদের উপর এই ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করা হয়। গালফ রাষ্ট্রগুলো এই অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে।
দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর হলো এশিয়া, ইউরোপ এবং আফ্রিকা সংযোগকারী একটি প্রধান ট্রানজিট হাব। গত বছর এই হাব প্রায় ৯ কোটি ৫২ লাখ যাত্রী সামলায়। আমিরাতে অনেক ইরানি প্রবাসী আছেন। রাজনৈতিক মতবিরোধ থাকা সত্ত্বেও ইরানের সঙ্গে বৃহৎ বাণিজ্যিক সম্পর্ক বজায় রাখছে ঐ দেশ।
ইরানি ব্যবসায়ী, সাধারণ যাত্রী, শিক্ষার্থী এবং তাদের পরিবারের ওপর নিষেধাজ্ঞা গুরুতর প্রভাব ফেলতে পারে। কারণ আন্তর্জাতিক সংযোগের জন্য নিয়মিত আমিরাতকেই ট্রানজিট পয়েন্ট হিসেবে ব্যবহার করতে হয়। ইরান থেকে বিশ্বের বিভিন্ন গন্তব্যে অনেক ফ্লাইট দুবাই ও আবুধাবির মধ্য দিয়েই যায়।
আমিরাত বা ইরান সরকার এখনো এই প্রবেশ ও ট্রানজিট নিষেধাজ্ঞা সম্পর্কিত বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, আঞ্চলিক উত্তেজনা না কমা পর্যন্ত নিষেধাজ্ঞা বলবৎ থাকতে পারে।
সোর্স: রয়টার্স