বাংলাদেশ-নেপাল সম্পর্ক উন্নয়নে পর্যটন বাড়ানোর উপর গুরুত্বারোপ পর্যটনমন্ত্রীর
নিজস্ব প্রতিবেদক
| Published: Sunday, May 17, 2026
পর্যটন ও বেসামরিক বিমান চলাচলমন্ত্রী আফরোজা খানম রিতা- ফাইল ছবি
পর্যটন ও বেসামরিক বিমান চলাচলমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, বিমান সংযোগ বৃদ্ধি এবং পর্যটন ও সাংস্কৃতিক সহযোগিতা সম্প্রসারণের মাধ্যমে বাংলাদেশ ও নেপালের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও গভীর করা সম্ভব।
শনিবার মানিকগঞ্জ জেলা শিল্পকলা একাডেমিতে 'নেপাল সাংস্কৃতিক সন্ধ্যা' শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার ভিত্তিতে বাংলাদেশ ও নেপালের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে। আগামী দিনগুলোতে এই সম্পর্ক আরও মজবুত হবে বলে তিনি দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। দুই দেশের মধ্যে বিমান যোগাযোগ জোরদার এবং পর্যটন ও সংস্কৃতি খাতে সহযোগিতা বাড়ানোর মাধ্যমে দ্বিপাক্ষিক সম্পর্কে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলেও তিনি মত প্রকাশ করেন।
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারি বলেন, সাংস্কৃতিক ও কূটনৈতিক বিনিময় বৃদ্ধির মাধ্যমে নেপাল বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও গভীর করতে সদা আগ্রহী। এ ধরনের উদ্যোগ দুই দেশের মধ্যকার চিরন্তন বন্ধুত্বকে আরও সুদৃঢ় করে বলেও তিনি উল্লেখ করেন।
ঢাকাস্থ নেপাল দূতাবাস এবং বাংলাদেশ-নেপাল মৈত্রী সমিতির যৌথ আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত এই সাংস্কৃতিক সন্ধ্যায় আরও বক্তব্য রাখেন জেলা প্রশাসক নাজমুন আরা সুলতানা, পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম, বাংলাদেশ-নেপাল মৈত্রী সমিতির সভাপতি মশিউর রহমান এবং সাধারণ সম্পাদক সালাহউদ্দিন কুটু।
অনুষ্ঠান শেষে বাংলাদেশ ও নেপালের শিল্পীদের পরিবেশনায় প্রায় দুই ঘণ্টাব্যাপী মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন উপস্থিত দর্শকরা। সংগীত ও নৃত্যের এই প্রাণবন্ত আয়োজন অনুষ্ঠানে এক উৎসবমুখর পরিবেশ তৈরি করে।