দুবাইয়ে এমিরেটসের ৫১০ কোটি ডলারের মেগা এভিয়েশন কমপ্লেক্সের নির্মাণ কাজ শুরু
ডেস্ক রিপোর্ট
| Published: Tuesday, May 19, 2026
ছবি: এমিরেটস
দুবাইয়ের পতাকাবাহী বিমান সংস্থা এমিরেটস দুবাই সাউথে বিশ্বের সবচেয়ে বড় ও আধুনিক বিমান রক্ষণাবেক্ষণ, মেরামত ও ওভারহল (এমআরও) কেন্দ্র নির্মাণের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করেছে। ৫১০ কোটি মার্কিন ডলারের এই মেগা প্রকল্পটি ২০৩০ সালের মাঝামাঝি সময়ের মধ্যে সম্পন্ন হবে বলে জানিয়েছে সংস্থাটি।
আল মাকতুম আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন দুবাই সাউথে অবস্থিত এই ইঞ্জিনিয়ারিং কমপ্লেক্সটি ১১ লাখ বর্গমিটার জুড়ে বিস্তৃত হবে, যা আয়তনের দিক থেকে বিশ্বের অন্যতম বৃহত্তম স্থাপনা হিসেবে স্বীকৃতি পাবে। পাশাপাশি এটি হবে জিসিসি অঞ্চলের সবচেয়ে বড় স্থাপনা কাঠামো।
এমিরেটস সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
অবকাঠামোগত দিক থেকে এই কমপ্লেক্স একাধিক বৈশ্বিক রেকর্ড স্থাপন করতে চলেছে। একই সময়ে বোয়িং ৭৭৭ ও এয়ারবাস এ৩৮০সহ ২৮টি ওয়াইড-বডি বিমান সার্ভিসিং করার সক্ষমতা এটিকে পৃথিবীর একমাত্র হ্যাঙ্গার কমপ্লেক্সে পরিণত করবে।
এতে থাকবে ২৮৫ মিটার প্রশস্ত বিশ্বের বৃহত্তম ফ্রি-স্প্যান হ্যাঙ্গার, বিশ্বের সর্ববৃহৎ ডেডিকেটেড ল্যান্ডিং গিয়ার ওয়ার্কশপ, ৭৭ হাজার বর্গমিটারের বিশেষায়িত মেরামত কর্মশালা এবং ৩ লাখ ৮০ হাজার বর্গমিটারের গুদাম ও লজিস্টিক সুবিধা। এ ছাড়া ওয়াইড-বডির পাশাপাশি ন্যারো-বডি বিমান সার্ভিসিংয়ের সক্ষমতাসম্পন্ন দুটি অত্যাধুনিক পেইন্ট হ্যাঙ্গারও এর অংশ হবে।
প্রযুক্তিগত সুবিধার পাশাপাশি ৫০ হাজার বর্গমিটারের একটি প্রশাসনিক ভবন, ১৫ হাজার বর্গমিটারের প্রশিক্ষণ কেন্দ্র এবং বিমানবন্দরের এয়ারসাইড প্রবেশাধিকার নিয়ন্ত্রণের জন্য একটি গেটওয়ে সুবিধাও থাকবে এই কমপ্লেক্সে।
প্রকল্পটি নির্মাণ করবে চীনের চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশন, আর প্রকল্প পরামর্শ সেবায় থাকবে আর্তেলিয়া। ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এমিরেটসের চেয়ারম্যান শেখ আহমেদ বিন সাঈদ আল মাকতুম, এমিরেটস প্রেসিডেন্ট টিম ক্লার্ক, দুবাই সাউথের নির্বাহী চেয়ারম্যান খলিফা আল জাফিন এবং চায়না রেলওয়ে কনস্ট্রাকশন কর্পোরেশনের চেয়ারম্যান দাই হেগেন।
শেখ আহমেদ বলেন, এই প্রকল্প দুবাইয়ের ডি৩৩ অর্থনৈতিক এজেন্ডার সাথে সরাসরি সামঞ্জস্যপূর্ণ এবং দুবাইকে বৈশ্বিক অর্থনৈতিক কেন্দ্র ও বিমান চলাচলে শ্রেষ্ঠত্বের প্রতীক হিসেবে প্রতিষ্ঠা করার লক্ষ্যে একটি কৌশলগত পদক্ষেপ।
দুবাই সাউথের নির্বাহী চেয়ারম্যান খলিফা আল জাফিন বলেন, এই প্রকল্প আল মাকতুম বিমানবন্দরকে বিশ্বের অন্যতম বৃহত্তম বিমানবন্দরে পরিণত করার যে পরিকল্পনা দুবাই গ্রহণ করেছে, তার সাথে সঙ্গতিপূর্ণ।
পরিবেশ সচেতনতার ক্ষেত্রেও নতুন মানদণ্ড স্থাপন করবে এই কমপ্লেক্স। প্রতিটি স্থাপনায় লিড প্লাটিনাম সার্টিফিকেশন অর্জনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং কমপ্লেক্সজুড়ে ছাদে সৌরপ্যানেল স্থাপন করা হবে।
উপসাগরীয় অঞ্চলের বিমান সংস্থাগুলো যখন ক্রমবর্ধমান যাত্রী চাহিদা ও দীর্ঘমেয়াদি বহর সম্প্রসারণ পরিকল্পনা পূরণে বিমান অবকাঠামোতে ব্যাপক বিনিয়োগ করছে, তখন এমিরেটসের এই উদ্যোগ দুবাইকে এভিয়েশন হাব হিসেবে আরও দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করবে বলে মনে করছেন বিশ্লেষকরা।