বাংলাদেশিদের জন্য খুললো মালয়েশিয়ার শ্রমবাজার
নিজস্ব প্রতিবেদক
| Published: Tuesday, July 07, 2026
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রীর সাম্প্রতিক বিদেশ সফরের পরিপ্রেক্ষিতে গতকাল সোমবার (৬ জুলাই) থেকে বাংলাদেশি কর্মীদের জন্য মালয়েশিয়া তাদের শ্রমবাজার পুনরায় খুলে দিয়েছে। আগামী এক থেকে দুই মাসের মধ্যে বিনা খরচে কর্মী পাঠানো শুরু হবে বলেও জানান তিনি।
আজ সিলেট সার্কিট হাউসে সাংবাদিকদের মন্ত্রী বলেন, "প্রধানমন্ত্রীর বিদেশ সফরের সুফল ইতোমধ্যেই মিলতে শুরু করেছে। গতকাল (৬ জুলাই) থেকে মালয়েশিয়া বাংলাদেশের জন্য তাদের শ্রমবাজার পুনরায় চালু করেছে।"
এর আগে একই দিনে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন সিলেট সার্কিট হাউসে মন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।
বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে আরিফুল হক চৌধুরী বলেন, বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর থেকেই নতুন বৈদেশিক কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং বিদ্যমান শ্রমবাজার সম্প্রসারণে বিভিন্ন দেশের সঙ্গে ধারাবাহিক আলোচনা চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, "সেই প্রচেষ্টার অংশ হিসেবে মালয়েশিয়ার শ্রমবাজার পুনরায় চালু হয়েছে। আমরা আশা করছি, ধীরে ধীরে অন্যান্য দেশের শ্রমবাজারও বাংলাদেশি কর্মীদের জন্য উন্মুক্ত হবে।"
মন্ত্রী জানান, তার সঙ্গে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূতের বৈঠকে সিলেটের সার্বিক উন্নয়ন, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের--বিশেষ করে সিলেটি কমিউনিটির--অবদান, পাশাপাশি দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সহযোগিতা জোরদারের উপায় নিয়ে আলোচনা হয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক রয়েছে এবং উভয় দেশ এ অংশীদারত্বকে আরও শক্তিশালী ও ফলপ্রসূ করতে ঘনিষ্ঠভাবে কাজ করছে।
আরিফুল হক চৌধুরী আশা প্রকাশ করেন, এ ধরনের মতবিনিময় দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, অর্থনৈতিক সহযোগিতা এবং পারস্পরিক উন্নয়নকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে।
বৈঠকে শ্রম ও কর্মসংস্থান সচিব মো. আব্দুর রহমান তারাফদার, সিলেটের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক পিংকি সাহা এবং সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।