বার্মিংহাম বিমানবন্দরের কাছে সড়ক দুর্ঘটনায় ভ্যানচালক নিহত
ডেস্ক রিপোর্ট
| Published: Sunday, November 22, 2026
সংগৃহীত
যুক্তরাজ্যের বার্মিংহাম বিমানবন্দরের কাছে এম৪২ মহাসড়কে ভ্যান ও লরির সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছেন। শনিবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার কিছু পর মহাসড়কের উত্তরমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তির বয়স ৪০-এর কোঠায়। তিনি ভ্যানটি চালাচ্ছিলেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। মহাসড়কের ৫এ ও ৬ নম্বর জংশনের মাঝামাঝি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
দুর্ঘটনার পর মহাসড়কের ওই অংশ কয়েক ঘণ্টা বন্ধ রাখা হয়। রোববার সকালে আবার যান চলাচল শুরু হয়। দুর্ঘটনার কারণে সৃষ্ট যানজটে আটকে পড়া কয়েকজন চালক সেখানে বড় ধরনের আগুন দেখতে পাওয়ার কথা জানিয়েছেন।
পুলিশ জানিয়েছে, লরিচালক দুর্ঘটনার পর ঘটনাস্থলেই ছিলেন এবং তদন্তে সহযোগিতা করছেন। দুর্ঘটনার কারণ জানতে তদন্ত চলছে। নিহত ব্যক্তির পরিবারকে খবর দেওয়া হয়েছে। বিশেষ কর্মকর্তারা তাদের সহায়তা করছেন।
ন্যাশনাল হাইওয়েজ জানিয়েছে, দুর্ঘটনার পর ঘটনাস্থলে একটি এয়ার অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছিল। ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরাও উদ্ধারকাজে অংশ নেন। দুর্ঘটনার পর রাতভর মহাসড়কের ক্ষতিগ্রস্ত অংশে নতুন করে পিচ ঢালাইয়ের কাজ করা হয়।
ওয়েস্ট মিডল্যান্ডস পুলিশের সার্জেন্ট রিচার্ড ইভান্স দুর্ঘটনার সময় ওই সড়ক দিয়ে যাতায়াত করা চালকদের ড্যাশক্যামের ফুটেজ পরীক্ষা করার অনুরোধ জানিয়েছেন। দুর্ঘটনা সম্পর্কে কোনো তথ্য বা ভিডিও থাকলে পুলিশকে জানাতে বলেছেন তিনি।