Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

বেলজিয়ামে ধর্মঘট, ২৩ নভেম্বর ব্রাসেলস ও শার্লেরোয়া বিমানবন্দরে ফ্লাইট বাতিল

ডেস্ক রিপোর্ট | Published: Sunday, November 22, 2026
বেলজিয়ামে ধর্মঘট, ২৩ নভেম্বর ব্রাসেলস ও শার্লেরোয়া বিমানবন্দরে ফ্লাইট বাতিল

সংগৃহীত

বেলজিয়ামে জাতীয় বিক্ষোভের কারণে আগামী ২৩ নভেম্বর দেশটির ব্রাসেলস ও শার্লেরোয়া বিমানবন্দরে ফ্লাইট চলাচল ব্যাহত হবে। এদিন অধিকাংশ ফ্লাইট বাতিল হতে পারে। স্থানীয় সময় সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বিমান চলাচলে বিঘ্ন ঘটবে।


ব্রাসেলস বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, দেশটির এয়ার ট্রাফিক কন্ট্রোল সেবাদানকারী প্রতিষ্ঠান স্কাইসের কর্মীদের একটি অংশ জাতীয় বিক্ষোভে যোগ দেবে। ফলে স্বাভাবিকভাবে উড়োজাহাজ চলাচল নিয়ন্ত্রণের জন্য পর্যাপ্ত কর্মী থাকবে না। এ কারণে অধিকাংশ আগমন ও বহির্গামী ফ্লাইট বাতিল করতে হতে পারে।


স্কাইস জানিয়েছে, পর্যাপ্ত কর্মী না থাকায় নিয়মিত বিমান চলাচল নিরাপদভাবে পরিচালনা করা সম্ভব হবে না। তবে জরুরি ও নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ ফ্লাইটে ন্যূনতম সেবা চালু থাকবে।


এদিকে একই দিন শার্লেরোয়া বিমানবন্দরেও (সিআরএল) কোনো উড়োজাহাজ উড্ডয়ন বা অবতরণ করতে পারবে না। সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত বিমানবন্দরটিতে এয়ার ট্রাফিক কন্ট্রোল সেবা বন্ধ থাকবে।


শার্লেরোয়া বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, বিক্ষোভের কারণে হাজারো যাত্রী, এয়ারলাইনস এবং বিমানবন্দরে কর্মরত প্রায় ৩ হাজার ৪০০ মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন। এ সিদ্ধান্তের জন্য স্বল্প সময়ের নোটিশ দেওয়ায় অসন্তোষ জানিয়েছে বিমানবন্দর কর্তৃপক্ষ।


বেলজিয়ামের প্রধান শ্রমিক ইউনিয়নগুলো কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক ও সামাজিক নীতির প্রতিবাদে এই বিক্ষোভের ডাক দিয়েছে। সরকারের পরিকল্পিত বাজেট কাটছাঁট ও সংস্কারের বিরোধিতা করছে তারা। শ্রমিক ইউনিয়নগুলোর আশঙ্কা, এসব পদক্ষেপের কারণে শ্রমিক, পেনশনভোগী ও সামাজিক সহায়তার ওপর নির্ভরশীল মানুষ চাপে পড়বেন।


বিক্ষোভকারীরা ব্রাসেলস শহরে মিছিল করবেন বলে পরিকল্পনা রয়েছে। তাদের দাবির মধ্যে রয়েছে মানুষের ক্রয়ক্ষমতা, পেনশন, সামাজিক নিরাপত্তা, কর্মপরিবেশ ও সরকারি সুরক্ষা নিশ্চিত করা।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News