ভেস্তে গেল কপ-৩১, চুক্তি ছাড়াই শেষ জলবায়ু সম্মেলন
ডেস্ক রিপোর্ট
| Published: Monday, November 23, 2026
সংগৃহীত
জীবাশ্ম জ্বালানি ও অর্থায়ন নিয়ে বিরোধের জেরে ঐকমত্য ছাড়াই শেষ হয়ছে আন্তর্জাতিক জলবায়ু সম্মেলনের ৩১তম আসর। তুরস্কে দুই সপ্তাহের এই আয়োজন শেষ পর্যন্ত কোনো ফল বয়ে আনেনি।
মূলত জীবাশ্ম জ্বালানির ব্যবহার কীভাবে বন্ধ করা হবে এবং বৈশ্বিক উষ্ণায়নের কারণে ভুক্তভোগী দেশগুলোকে কীভাবে অর্থায়ন করা হবে, সে বিষয়ে অংশগ্রহণকারী দেশগুলো একমত হতে পারেনি। নির্ধারিত সময়সীমা পেরিয়ে প্রায় দুই দিন অতিরিক্ত আলোচনার পরও তুরস্কের আনাতোলিয়া শহরে অনুষ্ঠিত জলবায়ু আলোচনা ভেস্তে গেল। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) নেতৃত্বাধীন কয়েকটি দেশ প্রস্তাবিত একটি চুক্তি প্রত্যাখ্যান করেছে।
সংবাদমাধ্যম ডয়চে ভেলে বলছে, দুই সপ্তাহের দর কষাকষির পর কপের সভাপতি প্রস্তাবিত ‘আনাতোলিয়া চুক্তি’ উপস্থাপন করেন। তবে ইইউ জানায়, তারা এই চুক্তিকে সমর্থন করতে পারবে না, কারণ এটি বৈজ্ঞানিক তথ্য ও সুপারিশের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
প্রস্তাবিত চুক্তিটি প্রত্যাখ্যান করেছে পানামাও। দেশটি একে জলবায়ু সংকট মোকাবিলার ক্ষেত্রে পিছিয়ে যাওয়ার শামিল বলে আখ্যা দিয়েছে। তাদের দাবি, বিশ্বের দেশগুলো ১.৫ ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বৃদ্ধির সীমা ধরে রাখার লক্ষ্য অর্জনে যে ব্যর্থ হয়েছে, সেটিও চুক্তিতে স্পষ্টভাবে স্বীকার করতে হবে।
অন্যদিকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে অস্তিত্বের সংকটে থাকা মার্শাল দ্বীপপুঞ্জ প্রস্তাবিত চুক্তির বিরোধিতা করে বলেছে, ‘জীবাশ্ম জ্বালানি শিল্পের স্বার্থ রক্ষার জন্য আমরা আমাদের ভবিষ্যৎ নিয়ে কোনো আপস করবো না।’
তবে রাশিয়া চুক্তির পক্ষে অবস্থান নিয়েছে, যেখানে জীবাশ্ম জ্বালানির ব্যবহার পর্যায়ক্রমে দ্রুত বন্ধের বিষয়ে কোনো শব্দ যুক্ত করা হয়নি৷ সমর্থন করেছে পাকিস্তান ও ঘানাও।
জলবায়ু অর্থায়ন নিয়ে বিরোধ
উন্নয়নশীল দেশগুলো আলোচনার ব্যর্থতার জন্য ইইউ ও অন্যান্য ধনী দেশগুলোকে দায়ী করেছে। তাদের অভিযোগ, জলবায়ুজনিত চরম আবহাওয়া এবং তার ক্ষতি মোকাবিলায় অভিযোজনের জন্য প্রয়োজনীয় অর্থায়ন বাড়াতে এই দেশগুলো ব্যর্থ হয়েছে। জলবায়ু অর্থায়নের সবচেয়ে বড় অর্থদাতাদের একটি ইউরোপীয় ইউনিয়ন। তবে নতুন অভিযোজন তহবিলের লক্ষ্যমাত্রার ব্যাপারে তারা আপত্তি জানিয়ে এসেছে।
চূড়ান্ত খসড়া সিদ্ধান্তে ২০৩৫ সালের মধ্যে অভিযোজন তহবিল তিনগুণ করার জন্য একটি বাস্তবায়ন রূপরেখা নিয়ে আরও আলোচনার প্রস্তাব রাখা হয়েছিল। তবে এতে কোনো নির্দিষ্ট অর্থের পরিমাণ উল্লেখ করা হয়নি।
খসড়ায় বলা হয়, ২০৩৫ সাল পর্যন্ত অভিযোজনের জন্য উন্নয়নশীল দেশগুলোর প্রতি বছর প্রায় ৩০০ বিলিয়ন ডলার প্রয়োজন। এতে ‘জলবায়ু অর্থায়নের প্রবাহ এবং প্রয়োজনের মধ্যে ব্যবধান’ নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়েছে।
এদিকে আনুষ্ঠানিক আলোচনায় জীবাশ্ম জ্বালানি থেকে বেরিয়ে আসার বিষয়ে দেশগুলো সিদ্ধান্ত নিতে না পারলেও, ‘ট্রানজিশন অ্যাওয়ে ফ্রম ফসিল ফুয়েলস’ বা টিএএফএফ নামে একটি পৃথক উদ্যোগ গতি পাচ্ছে।
টুভালুর জলবায়ু পরিবর্তন ও পরিবেশমন্ত্রী মাইনা তালিয়া বলেন, শুধু চুক্তির ভাষায় জীবাশ্ম জ্বালানির উল্লেখ থাকবে কি না, সেই বিতর্ককে পেছনে রেখে টিএএফএফ এগিয়ে যাবে। বৈশ্বিক জ্বালানি রূপান্তরের জন্য বিস্তারিত পরিকল্পনা তুলে ধরবে।
একইসঙ্গে আয়ারল্যান্ড, ডেনমার্ক, নেদারল্যান্ডস, ফ্রান্স, জার্মানি ও ফিনল্যান্ডসহ অনেক দেশই জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানোর জন্য জাতীয় পর্যায়ে রূপরেখা তৈরি করেছে বা তৈরির পর্যায়ে রয়েছে।
তবে অ্যাকশনএইড ইউএসএ-এর নীতি ও প্রচারণাবিষয়ক পরিচালক ব্র্যান্ডন উ এসব পরিকল্পনাকে ‘অর্থহীন’ বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘কপ-৩১ ছিল ইতিহাসের অন্যতম হতাশাজনক কপ সম্মেলন৷ কারণ ইইউ ও অন্যান্য উন্নত দেশগুলো সংহতি, সহযোগিতা বা সমঝোতার কোনো মনোভাব নিয়ে আলোচনায় আসেনি। তারা যেন ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর উদ্দেশ্যে বলছে, ‘তোমরা মারা গেলেও আমাদের কিছু যায় আসে না’।’
মূলত বৈশ্বিক তাপমাত্রা শিল্পবিপ্লব-পূর্ব সময়ের তুলনায় দেড় ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাবে এই বিষয়ে প্রথমবারের মতো যথেষ্ট তথ্যের ভিত্তিতে কপ সম্মেলনটি অনুষ্ঠিত হয়েছে। কিন্তু সেটি কীভাবে মোকাবিলা করা হবে তা নিয়ে দেশগুলো বিভক্ত হয়ে পড়ে।
প্রস্তাবিত খসড়া সিদ্ধান্তে দেশগুলোকে এই বৃদ্ধি যতটা সম্ভব সীমিত রাখার প্রতিশ্রুতি দেয়ার আহ্বান জানানো হয়েছিল। সেখানে বলা হয়, বর্তমান মাত্রার চেয়ে তাপমাত্রা যতটুকুই বাড়ুক না কেন, তা মানুষ ও প্রকৃতির জন্য ক্রমবর্ধমান ক্ষতি এবং কিছু ক্ষেত্রে মানুষ ও প্রকৃতির ওপর অপরিবর্তনীয় ঝুঁকি ও প্রভাব তৈরি করবে।
খসড়ায় আরও বলা হয়েছিল, গ্রিনহাউস গ্যাসের নিঃসরণ কমাতে ‘গভীর, দ্রুত এবং টেকসই’ পদক্ষেপ প্রয়োজন।
এবারের কপ-৩১ সম্মেলনকে বিভিন্ন দিক থেকে আগের চেয়েও বেশি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছিল। কারণ সাম্প্রতিক সময়ে বিশ্ব একের পর এক জলবায়ুজনিত দুর্যোগের মুখোমুখি হয়েছে। প্রাণঘাতী তাপপ্রবাহের মুখোমুখি হয়েছে ইউরোপ, নেপালে হিমবাহ ধসে ১৪০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
অন্যদিকে ভূরাজনৈতিক অস্থিরতায় তেলের দাম বৃদ্ধির কারণে জ্বালানি নিরাপত্তা এবং জীবাশ্ম জ্বালানির ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন আলোচনার কেন্দ্রে চলে এসেছে।