Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

ট্রেন বিকল, মাদ্রিদের বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী

ডেস্ক রিপোর্ট | Published: Sunday, November 22, 2026
ট্রেন বিকল, মাদ্রিদের বিমানবন্দরে আটকা হাজারো যাত্রী

সংগৃহীত

স্পেনের মাদ্রিদ বারাহাস আন্তর্জাতিক বিমানবন্দরে স্বয়ংক্রিয় ট্রেন বিকল হয়ে যাওয়ায় দূরবর্তী টার্মিনালে আটকা পড়েন হাজারো যাত্রী। রোববার (২২ নভেম্বর) সকালে এ ঘটনা ঘটে। এতে বিমানবন্দরে বিশৃঙ্খলা তৈরি হয়। একের পর এক আন্তর্জাতিক ফ্লাইট এসে পৌঁছালে টার্মিনালে যাত্রীদের ভিড় আরও বাড়তে থাকে।


মাদ্রিদ বিমানবন্দরের প্রধান টার্মিনাল টি৪। এর দুটি ভবন রয়েছে। মূল ভবন টি৪-এ যাত্রীদের চেক-ইন, নিরাপত্তা পরীক্ষা ও ব্যাগেজ সংগ্রহের ব্যবস্থা রয়েছে। অন্য ভবন টি৪এস থেকে শেনজেন অঞ্চলের বাইরের আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা করা হয়।


মূল টার্মিনাল থেকে প্রায় ২ দশমিক ৭ কিলোমিটার দূরে অবস্থিত টি৪এস। দুটি টার্মিনালের মধ্যে যাত্রীদের যাতায়াতের একমাত্র ব্যবস্থা স্বয়ংক্রিয় ট্রেন। ট্রেন বিকল হলে যাত্রীদের চলাচলের জন্য আলাদা কোনো পথ নেই।


২২ নভেম্বর সকালে ট্রেনটি বিকল হয়ে গেলে টি৪এস টার্মিনালে যাত্রীদের দীর্ঘ সারি তৈরি হয়। এই টার্মিনালে অভিবাসন নিয়ন্ত্রণের ব্যবস্থা থাকলেও ব্যাগেজ সংগ্রহ বা স্থলপথে যাতায়াতের সুযোগ নেই। বিমানবন্দর থেকে বের হতে কিংবা শেনজেন অঞ্চলের ভেতরে অন্য ফ্লাইট ধরতে যাত্রীদের মূল টার্মিনাল টি৪-এ যেতে হয়।


এক যাত্রীর ভাষ্য অনুযায়ী, যাত্রীদের সারি এক কিলোমিটারের বেশি দীর্ঘ হয়েছিল। আরেক যাত্রী জানান, হাজারো মানুষ ফ্লাইট ধরতে না পেরে দীর্ঘ সময় অপেক্ষা করছিলেন।


এ ঘটনায় শুধু বিমানবন্দরে আসা যাত্রীরাই নন, দূরপাল্লার আন্তর্জাতিক ফ্লাইটে যাত্রা করতে চাওয়া যাত্রীরাও ভোগান্তিতে পড়েন। ফ্লাইট পর্যবেক্ষণকারী অ্যাপ ফ্লাইটির তথ্য অনুযায়ী, মাদ্রিদ বিমানবন্দরে ফ্লাইটগুলো গড়ে প্রায় এক ঘণ্টা দেরিতে ছেড়েছে।


পরিস্থিতি সামাল দিতে বিমানবন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান এইনা রানওয়ে এলাকার ওপর দিয়ে যাত্রী পরিবহনের জন্য বাসের ব্যবস্থা করে। একই সঙ্গে ট্রেন প্রস্তুতকারক প্রতিষ্ঠান আলস্টমের প্রকৌশলীরা ত্রুটি মেরামতের কাজ করেন।


দুপুর ২টা ১৫ মিনিটের দিকে এইনা জানায়, ট্রেন চলাচল আবার শুরু হয়েছে। তবে আটকে থাকা যাত্রীদের চাপ সামলাতে কিছু কার্যক্রমে পরিবর্তন হতে পারে বলে সতর্ক করে প্রতিষ্ঠানটি।


মাদ্রিদ বিমানবন্দরের টি৪ টার্মিনাল ২০০৬ সালে চালু হয়। তবে মূল টার্মিনাল ও দূরবর্তী টার্মিনালের মধ্যে যাতায়াতে দীর্ঘ সময় লাগায় যাত্রীরা প্রায়ই ভোগান্তির কথা জানান।


যুক্তরাষ্ট্রের ডেনভার আন্তর্জাতিক বিমানবন্দরেও একই ধরনের সমস্যা রয়েছে। সেখানে টার্মিনালগুলোর মধ্যে চলাচলের ট্রেন প্রায়ই বিকল হয় এবং অতিরিক্ত যাত্রীচাপ তৈরি হয়। ট্রেন বন্ধ হয়ে গেলে যাত্রীদের বোর্ডিং গেটে যাওয়ার বিকল্প ব্যবস্থাও নেই। তবে আগামী বছর থেকে বিমানবন্দরের ভূগর্ভস্থ ব্যাগেজ পরিবহনের টানেলগুলোকে যাত্রীদের হাঁটার পথ হিসেবে ব্যবহারের কাজ শুরু হওয়ার কথা রয়েছে।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News