বিমানবন্দরে কার্গো ব্যবস্থাপনায় হয়রানি বন্ধের নির্দেশ বিমান মন্ত্রীর
ডেস্ক রিপোর্ট
| Published: Sunday, April 05, 2026
ছবি: সংগৃহীত
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম এমপি দেশের প্রধান আন্তর্জাতিক প্রবেশদ্বার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর-এর সার্বিক কার্যক্রম তদারকিতে আকস্মিক পরিদর্শন করেছেন।
রবিবার অনুষ্ঠিত এ পরিদর্শনে মন্ত্রী বিমানবন্দরের কার্গো টার্মিনালের কার্যক্রম সরেজমিনে পর্যবেক্ষণ করেন এবং সংশ্লিষ্টদের দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্তভাবে পণ্য খালাস নিশ্চিত করার নির্দেশ দেন। তিনি বলেন, নতুন সরকারের অধীনে কার্গো ব্যবস্থাপনাকে সম্পূর্ণভাবে হয়রানিমুক্ত করা হবে এবং দুর্নীতির বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি কঠোরভাবে বাস্তবায়ন করা হবে।
পরিদর্শনের অংশ হিসেবে মন্ত্রী রাষ্ট্রীয় সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্স-এর হ্যাঙ্গার কমপ্লেক্সও পরিদর্শন করেন। সেখানে তিনি বি জি ২০২ ফ্লাইটের বোয়িং ৭৮৭-৯ ড্রিমলাইনার উড়োজাহাজের কারিগরি ত্রুটির বিষয়ে খোঁজখবর নেন। সংশ্লিষ্ট প্রকৌশলীদের দ্রুত কেন্দ্রীয় হাইড্রলিক সিস্টেমের রক্ষণাবেক্ষণ সম্পন্ন করে বিমানটিকে পুনরায় উড্ডয়নের উপযোগী করার নির্দেশনা দেন তিনি।
এ সময় মন্ত্রী বিমানের কেবিন ও ককপিট পরিদর্শন করে বিভিন্ন যন্ত্রপাতির কার্যকারিতা পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)-এর চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিকসহ বেবিচক ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, কেন্দ্রীয় হাইড্রলিক সিস্টেমের আইসোলেটরে ত্রুটির কারণে উক্ত বিমানটি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর-এ গ্রাউন্ডেড ছিল। বর্তমানে বিমানটি সচল করতে প্রয়োজনীয় মেইনটেন্যান্স কার্যক্রম চলমান রয়েছে।