বিশ্বের সেরা বিমানবন্দরের তালিকায় জায়গা পেল ভারতের একটি বিমানবন্দর
ডেস্ক রিপোর্ট
| Published: Friday, November 20, 2026
সংগৃহীত
বিশ্বের সেরা বৃহৎ বিমানবন্দরের তালিকায় জায়গা পেয়েছে ভারতের দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর। টাইম ম্যাগাজিনের ২০২৭ সালের তালিকায় ৪৭টি বিমানবন্দরের মধ্যে ৩৮তম হয়েছে এটি। বিমানবন্দরটির স্কোর ৮৪ দশমিক ৯৬।
টাইম ম্যাগাজিন ও তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান স্ট্যাটিসটা যৌথভাবে এ তালিকা তৈরি করেছে। যাত্রীদের ভ্রমণ অভিজ্ঞতা ও বিমানবন্দরের পরিচালনাগত দক্ষতার ভিত্তিতে এই র্যাঙ্কিং করা হয়েছে।
২০২৬ সালের ২৭ জুলাই থেকে ৪ সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনে যাত্রীদের মতামত নেওয়া হয়। গত তিন বছরে ব্যবহার করা বিমানবন্দরগুলোর পরিচ্ছন্নতা, নিরাপত্তা তল্লাশি, লাগেজ ব্যবস্থাপনা, যোগাযোগব্যবস্থা, সুযোগ-সুবিধা ও সামগ্রিক সেবার মান বিবেচনায় নম্বর দেন তাঁরা। এ ছাড়া ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত পরিচালিত তিন কোটির বেশি ফ্লাইটের তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এতে ফ্লাইটের সময়ানুবর্তিতা ও বাতিলের বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়।
তালিকায় প্রথম হয়েছে সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দর। দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে চীনের গুয়াংজু বাইয়ুন আন্তর্জাতিক বিমানবন্দর এবং বেইজিং ডাশিং আন্তর্জাতিক বিমানবন্দর। চতুর্থ হয়েছে যুক্তরাষ্ট্রের অরল্যান্ডো আন্তর্জাতিক বিমানবন্দর। পঞ্চম অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্রের শিকাগো ও'হেয়ার আন্তর্জাতিক বিমানবন্দর।