Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব পাইলট দিবস

বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব পাইলট দিবস

ছবি: সংগৃহীত

বিশ্বের বিভিন্ন প্রান্তে আজ রোববার পালিত হচ্ছে বিশ্ব পাইলট দিবস। এ উপলক্ষে আন্তর্জাতিক বিমান সংস্থাগুলো, পাইলট সংগঠন এবং বিমান পরিবহন প্রতিষ্ঠানগুলো পাইলটদের প্রতি কৃতজ্ঞতা জানাতে এবং নিরাপদ এভিয়েশনের বার্তা ছড়িয়ে দিতে নানা কর্মসূচি পালন করছে।


প্রতি বছর ২৬ এপ্রিল এই দিবসটি পালিত হয়। ১৯১২ সালে তুরস্কের প্রথম পাইলট মেহমেত ফেসা এভরেনসেভ তাঁর প্রথম একক উড়ান সম্পন্ন করেন, সেই ঐতিহাসিক মুহূর্তকে স্মরণীয় করে রাখতে তুর্কি এয়ারলাইন পাইলট অ্যাসোসিয়েশন ২০১৩ সালে দিবসটি ঘোষণা করে। পরের বছর ইন্টারন্যাশনাল ফেডারেশন অব এয়ার লাইন পাইলটস অ্যাসোসিয়েশন (আইএফএএলপিএ) এটিকে আন্তর্জাতিক স্বীকৃতি দেয়।


এ বছর দিবসটি বিশেষ তাৎপর্য বহন করছে, কারণ একই সময়ে ইস্তাম্বুলে অনুষ্ঠিত হচ্ছে আইএফএএলপিএ-র ৮০তম বার্ষিক সম্মেলন। ৫১টি দেশের ৩০৫ জন পাইলটের অংশগ্রহণে এই সম্মেলনে উড়ান নিরাপত্তা, পাইলটদের পেশাগত অধিকার এবং আন্তর্জাতিক বিমান শিল্পের ভবিষ্যৎ নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা চলছে।


বিশ্বজুড়ে বিভিন্ন বিমান সংস্থা সামাজিক যোগাযোগমাধ্যমে পাইলটদের নিয়ে বিশেষ প্রচারণা পরিচালনা করছে। উত্তর আমেরিকায় এয়ার লাইন পাইলটস অ্যাসোসিয়েশন তাদের বহুল আলোচিত "সেফটি স্টার্টস উইথ টু" প্রচারণার মাধ্যমে বিমানে সর্বদা দুজন দক্ষ পাইলট রাখার গুরুত্ব তুলে ধরছে। 


বাংলাদেশের জাতীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনস এক বার্তায় পাইলটদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানিয়েছে। সংস্থাটি পাইলটদের উদ্দেশে বলেছে, “ধন্যবাদ ক্যাপ্টেইনস—প্রতিটি যাত্রায় আপনারা অনুপ্রেরণা”।


এই বিশেষ দিনে দেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলা এয়ারলাইনস বিশ্বজুড়ে পাইলটদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এক বার্তায় বলেছে, “আজ আমরা বিশ্বব্যাপী পাইলটদের পেশাদারিত্ব, সাহস ও অদম্য চেতনাকে সম্মান জানাই।”


দেশের আরেক বেসরকারি এয়ারলাইন্স নভোএয়ারও যাত্রাপথজুড়ে যাত্রীদের আস্থা ধরে রাখা পাইলটদের অবদানের স্বীকৃতি জানিয়েছে।


বোয়িং, এয়ারবাস এবং আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও)-ও পাইলটদের অবদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বিবৃতি দিয়েছে।


বৈশ্বিক বিমান শিল্প যখন দ্রুত বহর সম্প্রসারণ, পাইলট সংকট এবং অপারেশনাল চাপের মুখোমুখি, সে প্রেক্ষাপটে এ বছরের বিশ্ব পাইলট দিবস কেবল একটি উদযাপন নয় — এটি প্রশিক্ষণ, পেশাদারিত্ব এবং নিরাপদ আকাশ পথের প্রতি সমগ্র এভিয়েশন শিল্পের সম্মিলিত অঙ্গীকারের দিন।


সূত্র: আইকাও, আইএফএএলপিএ, এভিয়েশন ফাইল, এয়ারবাস

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News