Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

হাতিরঝিলে জমজমাট আয়োজনে শেষ হলো ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন-২’

হাতিরঝিলে জমজমাট আয়োজনে শেষ হলো ‘বিউটিফুল বাংলাদেশ রান সিজন-২’

ছবি: ওহিদুজ্জামান টিটু


হাজারো রানারের উৎসাহ আর উদ্দীপনায় প্রাণবন্ত হয়ে উঠেছিল রাজধানীর হাতিরঝিল। শনিবার (২৫ এপ্রিল) ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশ (এটিজেএফবি)-এর আয়োজনে সফলভাবে সম্পন্ন হলো 'বিউটিফুল বাংলাদেশ রান ২০২৬ (সিজন-২)'।


সকাল ৬টায় পুলিশ প্লাজা পয়েন্ট থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হওয়া এই দৌড় প্রতিযোগিতায় ছিল দুটি বিভাগ — ৭.৫ কিলোমিটারের প্রতিযোগিতামূলক রান এবং ২ কিলোমিটারের ফান রান। দেশের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের পাশাপাশি  এভিয়েশন ও পর্যটন খাতের সংশ্লিষ্টরা বিপুল উৎসাহে এই আয়োজনে অংশ নেন। মোট অংশগ্রহণকারীর সংখ্যা ছাড়িয়ে যায় এক হাজার।


অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত। তিনি বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।


এসময় প্রতিমন্ত্রী বলেন, এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্টস ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) এই আয়োজন একদিকে যেমন স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধিতে ভূমিকা রাখছে, অন্যদিকে বাংলাদেশের পর্যটন খাতের প্রসারেও গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এমন উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। এই ধরনের আয়োজন আমাকে ব্যক্তিগতভাবেও উদ্বুদ্ধ করেছে এবং ভবিষ্যতেও এতে অংশ নেওয়ার আগ্রহ রয়েছে।


প্রতিমন্ত্রী জানান, বাংলাদেশে আন্তর্জাতিক মানের পর্যটন অবকাঠামো গড়ে তুলতে সরকার বিদেশি বিনিয়োগ আকর্ষণে কাজ করছে। সংযুক্ত আরব আমিরাতের ইমার-এর মতো (ইমার প্রোপার্টিজ) বিশ্বখ্যাত প্রতিষ্ঠানের সঙ্গে আমরা কথা বলছি। তারা বুর্জ খালিফা নির্মাণ করেছে। পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি)-এর মাধ্যমে বাংলাদেশের পর্যটন স্থাপনার উন্নয়নে তাদের সম্পৃক্ত করার পরিকল্পনা রয়েছে।


ইভেন্টের টাইটেল স্পন্সর রিদম গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক আবির হোসেন বলেন, সব বয়সের মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখে তিনি অভিভূত। আগামী বছর এই আয়োজনকে আন্তর্জাতিক পর্যায়ে নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।


এভিয়েশন অ্যান্ড টুরিজম জার্নালিস্টস ফোরামের (এটিজেএফবি) সভাপতি তানজিম আনোয়ার বলেন, পৃথিবীর বিভিন্ন প্রান্তে বিভিন্ন উদ্দেশ্যে এমন আয়োজন হয়। এটিজেএফবির পক্ষ থেকে আমরা বিশেষভাবে বাংলাদেশের পর্যটনকে প্রমোট করার লক্ষ্যেই এই উদ্যোগ নিয়েছি। 


তিনি আরও বলেন, এটি আমাদের একটি ফ্ল্যাগশিপ ইভেন্টে পরিণত হয়েছে। ভবিষ্যতে আমরা এই আয়োজনকে ঢাকার বাইরেও ছড়িয়ে দিতে চাই। আগামীবছর আমরা কক্সবাজারের মেরিন ড্রাইভে এ ধরনের আয়োজন করার পরিকল্পনা করছে। আশা করছি আপনাদের সবাইকে পাশে পাবো।


অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন রিদম গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর সোহাগ হোসেন, এটিজেএফবির সাধারণ সম্পাদক বাতেন বিপ্লব, এবং বিউটিফুল বাংলাদেশ রানের রেস ডিরেক্টর সফিউল্লাহ সুমন।


২ কিলোমিটার বিভাগে ছেলেদের মধ্যে প্রথম মহিবুর রহমান, দ্বিতীয় মো. আনিমুল হাসান এবং তৃতীয় এফ এ সেলিম। মেয়েদের মধ্যে শীর্ষে নূর-এ-সাবা, দ্বিতীয় সুবহানা মাহদিয়া সিদ্দিকী এবং তৃতীয় পারভিন মিতু।


৭.৫ কিলোমিটার বিভাগে ছেলেদের মধ্যে প্রথম মো. এলাহী সরদার, দ্বিতীয় আশরাফুল আলম এবং তৃতীয় পলাশ শেখ। মেয়েদের মধ্যে প্রথম হামিদা আক্তার জেবা, দ্বিতীয় সাদিয়া শাওলিন সিগমা এবং তৃতীয় তেরেসা কচি।


রান শেষে বিজয়ীদের হাতে পোডিয়াম পুরস্কারের পাশাপাশি তুলে দেওয়া হয় বিভিন্ন গন্তব্যের বিমান টিকেট এবং র‍্যাফেল ড্র'র আকর্ষণীয় পুরস্কার।

Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News