বিশ্বকাপ অভিযানে ব্রাজিল ফুটবল দল: উড়োজাহাজে ‘ওয়াটার স্যালুট’
ডেস্ক রিপোর্ট
| Published: Wednesday, June 03, 2026
ছবি: সংগৃহীত
রিও ডি জেনেইরোর গালেয়াও আন্তর্জাতিক বিমানবন্দরে এক আবেগময় মুহূর্তের মধ্য দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ব্রাজিল জাতীয় ফুটবল দল। রানওয়েতে ধীরে এগিয়ে যাওয়ার সময় দলটির উড়োজাহাজকে দুটি দমকল ইঞ্জিনের পানির ফোয়ারার নিচ দিয়ে এগিয়ে যেতে দেখা যায় — বিমান চলাচলে যা পরিচিত "এয়ারক্রাফট ব্যাপটিজম" নামে।
সংবাদমাধ্যম নিউজ-18 জানিয়েছে, দীর্ঘদিনের ঐতিহ্য মেনে উড্ডয়নের আগমুহূর্তে নেইমারদের বহনকারী উড়োজাহাজকে ‘ওয়াটার স্যালুট’ বা জলকামানের পানিতে ভেজানো হয়। কিন্তু কোটি কোটি ব্রাজিলিয়ান ভক্তের কাছে এটি ছিল নিছক আনুষ্ঠানিকতার চেয়ে অনেক বেশি — ফুটবলের সর্বোচ্চ শিরোপা পুনরুদ্ধারের অভিযানে দলের জন্য এক বিশেষ মুহূর্ত, যার ছবি দ্রুত ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়।
এরপর যুক্তরাষ্ট্রে নিউ জার্সির নিওয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরেও উড়োজাহাজটিকে ‘ওয়াটার স্যালুট’ জানানো হয়।
স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’ জানিয়েছে, নেইমারদেরকে বহনকারী উড়োজাহাজটি বোয়িং ৭৬৭-৩০০ ইআর মডেলের,যার দাম প্রায় ২২ কোটি ডলার। ২০২২ সালে ‘রোলিং স্টোন্স’ তাদের ৬০তম প্রতিষ্ঠাবার্ষিকীর সফরে এটি ব্যবহার করেছিল।
বিশ্বকাপ ইতিহাসে ব্রাজিলের মতো সমৃদ্ধ রেকর্ড আর কোনো দেশের নেই। সেলেসাও একমাত্র দল যারা এখেন পর্যন্ত অনুষ্ঠিত হওয়া প্রতিটি বিশ্বকাপে অংশ নিয়েছে এবং সর্বোচ্চ পাঁচবার শিরোপা জিতেছে। যদিও ২০০২ সালে শেষবার শিরোপা ঘরে তোলার পর কেটে গেছে ২৪ বছর — কিন্তু দলটি এখন পর্যন্ত আর শিরোপার দেখা পায়নি।
এবারের দলে আছেন ইনজুরি কাটিয়ে ফেরা নেইমার, ফর্মে থাকা ভিনিসিয়াস জুনিয়র ও রাফিনহা। নতুন কোচ ইতালিয়ান লিজেন্ড কার্লো আঞ্চেলত্তির নেতৃত্বে ‘হেক্সা’ মিশনে গ্রুপ সি-তে ব্রাজিলের প্রথম ম্যাচ মরক্কোর বিপক্ষে নিউ ইয়র্ক নিউ জার্সি স্টেডিয়ামে। এরপর ফিলাডেলফিয়ায় হাইতি ও মিয়ামিতে স্কটল্যান্ডের মুখোমুখি হবে তারা।
সূত্র: নিউজ 18/মার্কা