ঢাবির মুসা খান মসজিদ সংস্কারে ২ লাখ ৩৫ হাজার ডলার দেবে যুক্তরাষ্ট্র
ডেস্ক রিপোর্ট
| Published: Tuesday, March 31, 2026
ছবি: সংগৃহীত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ঐতিহাসিক মুঘল আমলের মুসা খান মসজিদ সংস্কারের জন্য ২ লাখ ৩৫ হাজার ডলার অনুদান দেওয়ার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র। এতে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সাংস্কৃতিক সহযোগিতা আরও জোরদার হবে।
অ্যাম্বাসেডরস ফান্ড ফর কালচারাল প্রিজারভেশন (এএফসিপি) কর্মসূচির আওতায় এই অনুদানটি দেওয়া হচ্ছে। ঢাবির কার্জন হলে আয়োজিত এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন এ ঘোষণা দেন।
অনুষ্ঠানে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা নিতাই রায় চৌধুরী এবং প্রত্নতত্ত্ব অধিদপ্তরের মহাপরিচালক সাবিনা আলম উপস্থিত ছিলেন।
প্রকল্পটি প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সঙ্গে যৌথভাবে বাস্তবায়ন করা হবে। এর আওতায় মসজিদের ইসলামিক স্থাপত্য বৈশিষ্ট্য পুনরুদ্ধার, স্থায়ী ডিজিটাল আর্কাইভ তৈরি এবং ঐতিহ্য সংরক্ষণে তরুণ স্থপতিদের প্রশিক্ষণ দেওয়া হবে।
এ উদ্যোগটি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের ২৫ বছরের সাংস্কৃতিক অংশীদারিত্বের অংশ। এই সময়ের মধ্যে দেশে ১৩টি সংরক্ষণ প্রকল্পে ১০ লাখ ডলারের বেশি বিনিয়োগ করা হয়েছে।