ঢাকা বিমানবন্দর থেকে আজ ২০ ফ্লাইট বাতিল
ডেস্ক রিপোর্ট
| Published: Saturday, March 07, 2026
ছবি: ওহিদুজ্জামান টিটু
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকটের কারণে ৭টি দেশের আকাশসীমা বন্ধ থাকায় আজ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর (ঢাকা বিমানবন্দর) থেকে মোট ২০টি ফ্লাইট বাতিল করা হয়েছে।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) জনসংযোগ দফতরের সহকারী পরিচালক মুহাম্মদ কাউছার মাহমুদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
৭ মার্চ মধ্যরাতের পর থেকে বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে কুয়েত এয়ারওয়েজের ২টি, জাজিরা এয়ারওয়েজের ২টি, শারজাহভিত্তিক এয়ার আরাবিয়ার ৬টি, বাহরাইনভিত্তিক গালফ এয়ারের ২টি, কাতার এয়ারওয়েজের ৪টি এবং এমিরেটস এয়ারলাইন্সের ৪টি ফ্লাইট।
২৮ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া আঞ্চলিক সংকটের পর থেকে ঢাকা এয়ারপোর্টে এ যাবত মোট ২৬৮টি ফ্লাইট বাতিলের করা হয়েছে। নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান তাদের আকাশসীমা বন্ধের ঘোষণা দেয়।
জানা গেছে, আজ সবচেয়ে বেশি প্রভাব পড়েছে এয়ার আরাবিয়ার ওপর। কারণ এই এয়ারলাইনের শারজাহগামী ৬টি ফ্লাইট বাতিল হয়েছে। কাতার এয়ারওয়েজ ও এমিরেটসের ৪টি করে ফ্লাইট বাতিল করা হয়েছে। উপসাগরীয় অঞ্চলের বড় ট্রানজিট হাবগুলোতে ফ্লাইট পরিচালনা করায় এসব এয়ারলাইন বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে।
গত এক সপ্তাহে এই সংকটের কারণে হাজার হাজার যাত্রীর ভ্রমণ ব্যাহত হয়েছে। ২৮ ফেব্রুয়ারি ২৩টি ফ্লাইট বাতিলের করার মধ্য দিয়েই সংকট শুরু হয়। ২ মার্চ ৪৬টি ফ্লাইট বাতিল হয়। এরপর থেকে প্রতিদিনই কম-বেশি ফ্লাইট বাতিল হয়ে আসছে।
উপসাগরীয় দেশগুলোতে কর্মরত প্রবাসী শ্রমিকদের জন্য এই পরিস্থিতি বড় ধরনের ভোগান্তি সৃষ্টি করেছে। নির্ধারিত সময়ে কর্মস্থলে পৌঁছাতে না পারায় অনেকের চাকরি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটের যাত্রীরা এখনও অনিশ্চিত অবস্থায় রয়েছেন।
মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এখনো অনিশ্চিত থাকায় ফ্লাইট স্বাভাবিকভাবে কবে চালু হবে তা এখনো ঘোষণা করা হয়নি। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। যাত্রীদের বিমানবন্দরে যাওয়ার আগে ফ্লাইটের সর্বশেষ অবস্থা যাচাই করার পরামর্শ দেওয়া হয়েছে।
এই পরিস্থিতিতে এয়ারলাইন ও যাত্রী উভয়ের আর্থিক ক্ষতি বাড়ছে। আজ ২০টি ফ্লাইট বাতিল হওয়ায় মধ্যপ্রাচ্যগামী রুটে চলমান এই সংকট আরও কয়েকদিন থাকতে পারে এমনটাই ধারণা করা হচ্ছে।