নিরাপত্তা হুমকিতে দুবাই বিমানবন্দরের সব কার্যক্রম স্থগিত
ডেস্ক রিপোর্ট
| Published: Saturday, March 07, 2026
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে শনিবার আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কোনো বস্তু শনাক্ত করে প্রতিহত করার ঘটনায় নিরাপত্তা ঝুঁকি দেখা দেওয়ায় দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের সব কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। আন্তর্জাতিক যাত্রী পরিবহনে বিশ্বের ব্যস্ততম এই বিমানবন্দর হঠাৎ করে বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক উড়োজাহাজ চলাচলে বড় ধরনের প্রভাব পড়েছে।
মধ্যপ্রাচ্যের বৃহত্তম এয়ারলাইন্স এমিরেটস গণমাধ্যমে জানায়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত দুবাইয়ে আসা–যাওয়া সব ফ্লাইট সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় যাত্রীদের বিমানবন্দরে না যাওয়ার অনুরোধ জানানো হয়েছে।
দুবাই মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, যাত্রী, বিমানবন্দর কর্মী এবং এয়ারলাইন্সের ক্রুদের নিরাপত্তার কথা বিবেচনা করে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। নির্ধারিত নিরাপত্তা প্রটোকল অনুসরণ করে পরিস্থিতি মোকাবিলা করা হচ্ছে বলেও জানানো হয়।
বিশ্বের সর্বোচ্চ আন্তর্জাতিক যাত্রী পরিবহনকারী এই বিমানবন্দরের কার্যক্রম বন্ধ হয়ে যাওয়ায় বৈশ্বিক আকাশযাত্রায় বড় ধরনের বিঘ্ন তৈরি হয়েছে। এর আগে সপ্তাহজুড়ে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় ধারাবাহিক ড্রোন হামলার পর সোমবার থেকে আংশিকভাবে বিমানবন্দরের কার্যক্রম চালু হয়েছিল।
শনিবারের ঐ ঘটনার সময় বিমানবন্দরের আকাশসীমার ওপরেই একটি বস্তু প্রতিহত করা হয় বলে জানা গেছে। চলমান সংঘাতের কারণে বাণিজ্যিক উড়োজাহাজ চলাচল অবকাঠামোর ওপর হুমকি বাড়ায় পুরো অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করা হয়েছে।
অস্থির নিরাপত্তাজনিত পরিস্থিতির কারণে ঐ অঞ্চলে কবে থেকে স্বাভাবিকভাবে উড়োজাহাজ চলাচল শুরু হবে সে বিষয়ে এখনো কিছু জানায়নি কর্তৃপক্ষ। এতে ট্রানজিট ফ্লাইট এবং সংযোগ ফ্লাইটের হাজার হাজার যাত্রীরা ভোগান্তিতে পড়েন।
এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও আমেরিকার মধ্যে যাত্রীদের জন্য গুরুত্বপূর্ণ সংযোগ কেন্দ্র হিসেবে কাজ করে দুবাই আন্তর্জাতিক বিমানবন্দর। কার্যক্রম স্থগিত হওয়ায় বৈশ্বিক আকাশযাত্রা নেটওয়ার্কেও বড় ধরনের প্রভাব পড়েছে।
পরিস্থিতি পর্যবেক্ষণ করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। যাত্রী, ক্রু এবং বিমানবন্দর কর্মীদের নিরাপত্তাকেই সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।
সূত্র: বাসস, এএফপি।