সীমিত ফ্লাইট পরিচালনার জন্য আকাশসীমা খুললো কাতার
ডেস্ক রিপোর্ট
| Published: Saturday, March 07, 2026
ফাইল ছবি
ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার পর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলার প্রতিক্রিয়ায় বন্ধ থাকা কাতারের আকাশসীমা শুক্রবার থেকে সীমিতভাবে খোলা হয়েছে বলে জানায় ঐ দেশের সিভিল এভিয়েশন অথোরিটি।
প্রতিষ্ঠানটি জানায়, কাতারের আকাশসীমা আংশিকভাবে খোলা হয়েছে। নির্ধারিত জরুরি বা বিকল্প রুট ব্যবহার করে সীমিত সংখ্যক ফ্লাইট চলাচল করবে। মূলত যাত্রী উদ্ধার এবং কার্গো পরিষেবার উপর গুরুত্ব দেওয়া হবে।
কাতার এয়ারওয়েজ জানায়, ৭ মার্চ লন্ডন, প্যারিস, মাদ্রিদ, রোম এবং ফ্রাঙ্কফুর্টের জন্য উদ্ধার ফ্লাইট পরিচালনা করা হবে। আটকে থাকা পরিবার, বয়স্ক যাত্রী ও জরুরি চিকিৎসা প্রয়োজন এমন যাত্রীদের অগ্রাধিকার দেওয়া হবে।
হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর জানায়, শনিবার শুধুমাত্র আটকে থাকা যাত্রীদের উদ্ধার এবং কার্গো পরিষেবার জন্য সীমিত ফ্লাইট চলবে। অতিরিক্ত ফ্লাইট পরিচালনার সিদ্ধান্ত চলমান নিরাপত্তা পরিস্থিতির উপর নির্ভর করবে।
মধ্যপ্রাচ্যের সংঘাত উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতায় বড় ধরনের প্রভাব ফেলেছে। পর্যটকেরা যারা নিরাপদ ছুটির আশা করে এখানে এসেছিলেন, তারা এখন যুদ্ধজনিত অনিশ্চয়তা ও নিরাপত্তাহীনতার মুখোমুখি হচ্ছেন।
কাতারের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, শুক্রবার ১০টি ইরানি ড্রোন তাদের এলাকায় হামলা চালায়। সামরিক বাহিনী ৯টি ড্রোন প্রতিহত করেছে। আর একটি অবাসিক এলাকায় আঘাত হানে। কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
বিমানবন্দর কর্তৃপক্ষ পরিস্থিতি নজরদারি করছে। মধ্যপ্রাচ্যের নিরাপত্তা সংকটের কারণে বাতিল হওয়া ফ্লাইটগুলোর তারিখ পরিবর্তনের চেষ্টা করছে।
সূত্র: বাসস