অবশেষে এফএএ সনদ পেল বোয়িংয়ের নতুন ৭৩৭ ম্যাক্স মডেল
ডেস্ক রিপোর্ট
| Published: Tuesday, August 04, 2026
ছবি: বোয়িং
যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) বোয়িংয়ের নতুন ৭৩৭-৭ উড়োজাহাজকে সার্টিফিকেট দিয়েছে, যার মাধ্যমে বাণিজ্যিক ফ্লাইট পরিচালনার পথ খুলে গেল। সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানায় বোয়িং।
২০১৮ সালে শুরু হওয়া এই দীর্ঘমেয়াদি প্রক্রিয়ায় এক হাজার ঘণ্টারও বেশি ফ্লাইট ও গ্রাউন্ড টেস্টিং, ব্যাপক নিরাপত্তা বিশ্লেষণ এবং হিউম্যান ফ্যাক্টর পর্যালোচনা করা হয়েছে বলে জানিয়েছে এই মার্কিন এরোস্পেস জায়ান্ট কোম্পানিটি।
বোয়িং কমার্শিয়াল এয়ারপ্লেনসের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী স্টেফানি পোপ বলেন, এই সনদ প্রমাণ করে উড়োজাহাজের নকশার মান কতটা কঠোর ছিল। মহামারির চ্যালেঞ্জ ও নতুন সার্টিফিকেশন প্রক্রিয়ার মধ্য দিয়েই দল লক্ষ্য অর্জন করেছে বলে জানান তিনি।
বোয়িংয়ের প্রোডাক্ট স্ট্র্যাটেজি ও ডেভেলপমেন্ট বিভাগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মাইক সিনেট জানান, পুরো প্রক্রিয়ায় এফএএর সঙ্গে নিয়মিত ও বিস্তারিত আলোচনা হয়েছে। তিনি বলেন, এই অভিজ্ঞতা ভবিষ্যতের উড়োজাহাজ উন্নয়নে নিরাপত্তা ও মান নিশ্চিতে সহায়ক হবে।
৭৩৭ ম্যাক্স পরিবারের সবচেয়ে ছোট ও দীর্ঘ পাল্লার মডেল ৭৩৭-৭। দুই শ্রেণির আসন বিন্যাসে এতে ১৩৫ থেকে ১৬০ যাত্রী বহন করা যায় এবং এর পাল্লা ৩ হাজার ৮০০ নটিক্যাল মাইল (৭ হাজার ৪০ কিলোমিটার) পর্যন্ত, যা পরিবারের অন্য মডেলগুলোর চেয়ে প্রায় ১০ শতাংশ বেশি।
অনেক বেশি উচ্চতা ও গরম আবহাওয়ার বিমানবন্দর থেকে পরিচালনার জন্য বিশেষভাবে উপযোগী এই উড়োজাহাজ। আগের প্রজন্মের উড়োজাহাজের তুলনায় জ্বালানি খরচ ও কার্বন নিঃসরণ ২০ শতাংশ এবং শব্দদূষণ ৫০ শতাংশ কম বলে দাবি বোয়িংয়ের।
পরীক্ষার সময় ইঞ্জিন অ্যান্টি-আইস সিস্টেমে একটি সম্ভাব্য সমস্যা ধরা পড়ে, যা সনদ পাওয়ার আগেই সমাধান করা হয়েছে বলে জানিয়েছে বোয়িং। একইসঙ্গে এফএএ বোয়িংয়ের প্রোডাকশন সার্টিফিকেট নম্বর ৭০০ হালনাগাদ করে এতে ৭৩৭-৭ যুক্ত করেছে।
৭৩৭-৭ এর প্রথম গ্রাহক সাউথওয়েস্ট এয়ারলাইন্স প্রথম উড়োজাহাজ গ্রহণের প্রস্তুতি নিচ্ছে। এর আগে চূড়ান্ত কনফিগারেশন হালনাগাদের কাজ করছে বোয়িং।
বোয়িংয়ের ৭৩৭ ম্যাক্স পরিবারে রয়েছে ৭৩৭-৭, ৭৩৭-৮, ৭৩৭-৯ ও ৭৩৭-১০ মডেল। এ পর্যন্ত সাত হাজার ২০০টির বেশি অর্ডার জমা পড়েছে, যার মধ্যে চলতি বছরের জুন পর্যন্ত দুই হাজার ৩০০টির বেশি উড়োজাহাজ সরবরাহ করা হয়েছে। পরিবারের সবচেয়ে বড় মডেল ৭৩৭-১০ এখনো অনুমোদন প্রক্রিয়াধীন, চলতি বছরই সনদ পাওয়ার আশা করছে বোয়িং।
সূত্র: সংবাদ বিজ্ঞপ্তি।