যুক্তরাজ্যের শেভেনিং স্কলারশিপের আবেদন শুরু
ডেস্ক রিপোর্ট
| Published: Wednesday, August 05, 2026
-কোলাজ ছবি
২০২৭-২৮ শিক্ষাবর্ষের শেভেনিং স্কলারশিপের জন্য আবেদন গ্রহণ শুরু হয়েছে। যুক্তরাজ্যে সম্পূর্ণ অর্থায়নে স্নাতকোত্তর (মাস্টার্স) অধ্যয়নের এই সুযোগে আবেদন করতে বাংলাদেশি পেশাজীবীদের আহ্বান জানিয়েছে ঢাকায় অবস্থিত যুক্তরাজ্যের হাইকমিশন।
মঙ্গলবার যুক্তরাজ্যের হাইকমিশনের ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে এ তথ্য জানানো হয়। পোস্টে বলা হয়, বাংলাদেশ ও যুক্তরাজ্যের অভিন্ন অগ্রাধিকারের ক্ষেত্রগুলোতে ইতিবাচক পরিবর্তন আনতে সক্ষম ভবিষ্যৎ নেতাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সুযোগ।
হাইকমিশনের তথ্য অনুযায়ী, শেভেনিং স্কলারশিপপ্রাপ্তরা বিশ্বমানের শিক্ষা গ্রহণের পাশাপাশি যুক্তরাজ্যের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক গড়ে তোলার সুযোগ পাবেন। একই সঙ্গে তারা বিশ্বের বিভিন্ন দেশের প্রভাবশালী নেতা ও পেশাজীবীদের বৈশ্বিক নেটওয়ার্কের অংশ হওয়ার সুযোগও পাবেন।
হাইকমিশন এবং শেভেনিংয়ের অফিসিয়াল ওয়েবসাইট অনুযায়ী, আগামী ৬ অক্টোবর ২০২৬, মঙ্গলবার ইউটিসি সকাল ১১টা পর্যন্ত আবেদন করা যাবে।
শেভেনিং হলো যুক্তরাজ্য সরকারের বৈশ্বিক স্কলারশিপ কর্মসূচি, যা ফরেন, কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) এবং অংশীদার প্রতিষ্ঠানগুলোর অর্থায়নে পরিচালিত হয়। নেতৃত্বের সক্ষমতা রয়েছে এবং নিজ দেশে ইতিবাচক পরিবর্তন আনতে প্রতিশ্রুতিবদ্ধ এমন ব্যক্তিদের যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে এক বছর মেয়াদি স্নাতকোত্তর প্রোগ্রামে অধ্যয়নের সুযোগ দেয় এই স্কলারশিপ।
আবেদনের জন্য প্রার্থীকে শেভেনিং-যোগ্য কোনো দেশ বা অঞ্চলের নাগরিক হতে হবে। এছাড়া যুক্তরাজ্যের কোনো বিশ্ববিদ্যালয়ে স্নাতকোত্তর প্রোগ্রামে ভর্তির উপযোগী স্নাতক ডিগ্রি এবং স্নাতক সম্পন্ন করার পর অন্তত ২ হাজার ৮০০ ঘণ্টা (প্রায় দুই বছর) কর্ম-অভিজ্ঞতা থাকতে হবে।
নির্বাচিত প্রার্থীদের যুক্তরাজ্যের তিনটি যোগ্য বিশ্ববিদ্যালয়ের কোর্সে আবেদন করতে হবে এবং নির্ধারিত সময়ের মধ্যে অন্তত একটি বিশ্ববিদ্যালয় থেকে আনকন্ডিশনাল অফার অর্জন করতে হবে। পাশাপাশি স্কলারশিপের আওতায় ডিগ্রি সম্পন্ন করার পর অন্তত দুই বছর নিজ দেশে ফিরে বসবাসের প্রতিশ্রুতিও দিতে হবে।
১৯৮৩ সালে চালু হওয়া শেভেনিং স্কলারশিপের আওতায় এ পর্যন্ত ৩৭০ জনের বেশি বাংলাদেশি এই বৃত্তি পেয়েছেন বলে ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনের আগের এক বিবৃতিতে জানানো হয়েছে। তাঁদের অনেকেই বর্তমানে সরকার, বেসরকারি খাত এবং শিক্ষা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন।
আগ্রহী প্রার্থীদের আবেদন করার আগে শেভেনিংয়ের ওয়েবসাইটে প্রকাশিত যোগ্যতার শর্তাবলি ও আবেদন-সংক্রান্ত নির্দেশনা ভালোভাবে পড়ে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। অনলাইনে আবেদন করা যাবে chevening.org/apply ঠিকানায়।