Logo
এয়ারলাইন্স এয়ারপোর্টস ম্যানুফ্যাকচারার্স পর্যটন হোটেল প্রবাস লাইফস্টাইল কর্পোরেট রেগুলেটরস মুখোমুখি

Aviation Express

এ বছর বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি

এ বছর বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নেবে দুবাই ট্যাক্সি কোম্পানি

ছবি: বাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়


চলতি বছর বাংলাদেশ থেকে ৬ হাজার ড্রাইভার নিয়োগ দিতে আগ্রহ প্রকাশ করেছে দুবাই ট্যাক্সি কোম্পানি। রোববার প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে কোম্পানিটির প্রতিনিধি দল এ তথ্য জানায়।


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, প্রতিনিধি দলটি জানিয়েছে আগামীকাল সোমবার থেকে বাংলাদেশ-কোরিয়া কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে সাক্ষাৎকারের মাধ্যমে যোগ্য ড্রাইভার বাছাই কার্যক্রম শুরু হবে। এই দফায় নতুন করে আরও ১ হাজার ৫০০ ড্রাইভার নেওয়া হবে।


মন্ত্রী আরিফুল হক চৌধুরী প্রতিনিধি দলকে ধন্যবাদ জানিয়ে বলেন, ভবিষ্যতেও কর্মী নিয়োগের এই ধারা অব্যাহত রাখতে মন্ত্রণালয়ের পক্ষ থেকে সব ধরনের সহায়তা দেওয়া হবে। তিনি দুবাই গমনের পর প্রশিক্ষণকালীন সময়ে কর্মীদের বেতন-ভাতা নিশ্চিত করতে এবং চালকদের পাশাপাশি ডাক্তার ও নার্সের মতো পেশাজীবী কর্মী নিয়োগেরও আহ্বান জানান।


প্রতিমন্ত্রী মোঃ নুরুল হক বলেন, দুবাই যেতে একজন ড্রাইভারের বর্তমানে বিপুল অর্থ ব্যয় হয়। দরিদ্র এই কর্মীরা প্রায়ই ঋণ করে সেই অর্থ সংস্থান করেন। তাই অভিবাসন ব্যয় ১ লাখ টাকার মধ্যে রাখতে তিনি প্রতিনিধি দলকে বিশেষভাবে অনুরোধ জানান।


সাক্ষাৎকালে দুবাই ট্যাক্সি কোম্পানির প্রতিনিধিরা জানান, বিশ্বের ২৭টি দেশ থেকে বর্তমানে প্রায় ১৫ হাজার কর্মী তাদের প্রতিষ্ঠানে ট্যাক্সি ও লিমুজিন চালক হিসেবে কর্মরত আছেন। এর মধ্যে প্রায় ৮ হাজারই বাংলাদেশি। পরিশ্রমী হওয়ায় বাংলাদেশি কর্মীদের অগ্রাধিকার ভিত্তিতে নিয়োগ দেওয়া হয় বলেও তারা উল্লেখ করেন। দুবাই বিমানবন্দরে বাংলাদেশি নারীরাও সফলতার সঙ্গে ড্রাইভিং পেশায় নিয়োজিত আছেন বলে প্রতিনিধি দল জানায়।


সাক্ষাৎে মন্ত্রণালয়ের সচিব মোঃ মোখতার আহমেদ, দুবাই ট্যাক্সি কোম্পানি ও আল আনাস ওভারসিজের ঊর্ধ্বতন প্রতিনিধিসহ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


Make Comment

Login to Comment
Leaving AviationExpress Your about to visit the following url Invalid URL

Loading...
Comments


Comment created.

Related News